৫০টি পিএমএলএ জ়োন: দেড় বছরে তদন্ত শেষ করার পরিকল্পনা ইডির - 24 Ghanta Bangla News
Home

৫০টি পিএমএলএ জ়োন: দেড় বছরে তদন্ত শেষ করার পরিকল্পনা ইডির

Spread the love

এই সময়, নয়াদিল্লি: গত কয়েক বছরে কেন্দ্রীয় এজেন্সি ইডি–র অপব্যবহার করা হচ্ছে বলে একাধিকবার অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যত মামলা প্রতি বছর ইডি দায়ের করে, তার কতগুলির নিষ্পত্তি হয়েছে এবং কত জন শেষমেশ শাস্তি পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন আদালতে, এমনকী সুপ্রিম কোর্টে।

অভিযুক্তদের তরফে সওয়াল করা আইনজীবীদের একাংশের দাবি, ইডির মামলায় সাজাদানের হার এক শতাংশেরও কম৷ এই আবহে বিভিন্ন মামলার দ্রুত তদন্ত ও নিষ্পত্তির লক্ষ্যে গোটা দেশে নতুন অপারেশনাল বদল আনছে ইডি।

সূত্রের খবর, গোটা দেশের সব রাজ্য মিলিয়ে ইডি তৈরি করবে ৫০টি নতুন পিএমএলএ (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট) জ়োন৷ তৈরি হবে পাঁচটি ফেমা (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) জ়োনও৷

এই জ়োনগুলিতে নতুন করে নিয়োগ করা হবে প্রয়োজনীয় কর্মী এবং আধিকারিক৷ সরকারি সূত্রের দাবি, আরও তাৎপর্যপূর্ণ হলো, এ বার থেকে যে কোনও আর্থিক তছরুপের অপরাধের তদন্ত শেষ করা হবে প্রাথমিক অভিযোগ দায়েরের দেড় বছরের মধ্যে৷ ১৪ এবং ১৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে আয়োজিত ইডির জ়োনাল ত্রৈমাসিক সম্মেলনেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷

তাত্‍পর্যপূর্ণ হলো, ইডির নতুন সিদ্ধান্তে পূর্ব ভারতের ফেমা সংক্রান্ত মামলাগুলির দ্রুত তদন্ত করার জন্য কলকাতায় একটি জ়োন তৈরি হবে বলে স্থির হয়েছে৷ একইসঙ্গে দিল্লি, মুম্বই, চেন্নাই এবং চণ্ডীগড়ে হবে বাকি ফেমা জ়োনগুলি৷ বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে ইডির অঞ্চলের সংখ্যা ৫, জ়োনের সংখ্যা ২৭ এবং সাব জ়োন ১৮৷

সরকারি সূত্রের দাবি, নতুন জ়োন তৈরি এবং তদন্তকারী আধিকারিকদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দেশের আরও ৫০টি শহরে ইডির দপ্তর খোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেঙ্গালুরুর বৈঠকে৷ দেশের বিভিন্ন রাজ্যে ক্রমেই বেড়ে চলা সাইবার অপরাধের ঘটনার কথা মাথায় রেখে ইডি আলাদা একটি ডেডিকেটেড ইউনিট খোলার কথাও ভাবছে বলে সূত্রের দাবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *