বেলারুশ থেকে লিথুয়ানিয়ার আকাশে ড্রোন, ন্যাটোর যুদ্ধবিমান গুলি করে নামাল - 24 Ghanta Bangla News
Home

বেলারুশ থেকে লিথুয়ানিয়ার আকাশে ড্রোন, ন্যাটোর যুদ্ধবিমান গুলি করে নামাল

Spread the love

ইউরোপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Ukraine War) প্রভাব আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ন্যাটোর পূর্ব সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিবেশী বেলারুশ থেকে লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে…

ইউরোপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Ukraine War) প্রভাব আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ন্যাটোর পূর্ব সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিবেশী বেলারুশ থেকে লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি অজ্ঞাতপরিচয় ড্রোন গুলি করে নামিয়েছে ন্যাটোর যুদ্ধবিমান। মঙ্গলবারের এই ঘটনায় লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর কাউনাসে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রোবার্তাস কাওনাস জানিয়েছেন, ঘটনাটি বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তাঁর বক্তব্য, ইউক্রেনে চলা যুদ্ধ লিথুয়ানিয়া থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে হলেও সংঘাতের পরিধি অত্যন্ত বড় এবং এর প্রভাব সরাসরি বাল্টিক অঞ্চলের নিরাপত্তার উপর পড়ছে।

জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে ড্রোন ভূপাতিত

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা ইগনিতিস গ্রুপ জানিয়েছে, মধ্য লিথুয়ানিয়ার প্রাটকুনাই এলাকার একটি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ড্রোনটিকে আটক করে ন্যাটোর যুদ্ধবিমান। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর ঘটনাস্থলে বিস্ফোরক সামগ্রীও পাওয়া যায়। লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সামরিক বাহিনী ওই বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে। তবে ড্রোনটি ঠিক কোন দেশের ছিল, তা এখনও নিশ্চিত নয়। কাওনাস জানিয়েছেন, ড্রোনটির উড়ানপথ সম্পূর্ণভাবে বিশ্লেষণ করার পর বিষয়টি স্পষ্ট হতে পারে। তিনি বলেন, এটি রাশিয়ার ড্রোন হয়ে থাকলে সেটি সম্ভাব্য উসকানি হতে পারে। আবার অন্য কোনও দেশের প্রতিরক্ষামূলক ড্রোনও হতে পারে।

লিথুয়ানিয়ার আকাশে প্রথম ন্যাটো ড্রোন আটক

মঙ্গলবারের ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ লিথুয়ানিয়ার ভূখণ্ডের আকাশে এই প্রথম ন্যাটো একটি ড্রোনকে আটক করে ভূপাতিত করেছে। সাম্প্রতিক মাসগুলিতে ন্যাটোর পূর্ব সীমান্তের আরও দুই দেশ লাটভিয়া এবং এস্তোনিয়াতেও একই ধরনের ঘটনা ঘটেছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়ার সঙ্গে সঙ্গে ন্যাটো সদস্য দেশগুলির আকাশসীমায় ভুল পথে চলে আসা বা ইলেকট্রনিক যুদ্ধের কারণে নিয়ন্ত্রণ হারানো ড্রোন নিয়ে উদ্বেগও বাড়ছে। আগস্টে রাশিয়ার ইলেকট্রনিক যুদ্ধের কারণে লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোনকে ন্যাটোর যুদ্ধবিমান গুলি করে নামিয়েছিল। এর আগে মে মাসে এস্তোনিয়ার আকাশে একটি সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোনকে রোমানিয়ার একটি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছিল।

Advertisements


   


   

তিন দিনের মধ্যে দ্বিতীয় ড্রোন

লিথুয়ানিয়ায় মঙ্গলবারের ঘটনাটি গত তিন দিনের মধ্যে দ্বিতীয় ড্রোন-সংক্রান্ত ঘটনা। রবিবার একটি অজ্ঞাতপরিচয় বস্তু, যেটিকে কর্তৃপক্ষ ড্রোন বলে সন্দেহ করেছিল, বেলারুশ থেকে লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পরে রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের দিকে চলে যায়। এর মধ্যে সোমবার পোল্যান্ডও জানিয়েছিল, বাল্টিক সাগরে রুশ সামরিক বাহিনীর একটি ড্রোন উদ্ধার করেছে তাদের সেনাবাহিনী। রুসিনোভো শহরের কাছে ওই ড্রোনটি পাওয়া যায় বলে জানিয়েছে পোল্যান্ড।

মার্কিন কূটনৈতিক তৎপরতার মধ্যেই ঘটনা

লিথুয়ানিয়ার আকাশসীমায় ড্রোন ঢোকার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন বেলারুশের সঙ্গে মার্কিন কূটনৈতিক যোগাযোগও চলছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কোয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভিলনিয়াস থেকে মিনস্কে যায়। সেখানে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক হয় বলে জানিয়েছে বেলারুশের সরকারি সংবাদমাধ্যম বেল্টা।

২০২৫ সাল থেকে কোয়েল একাধিকবার বেলারুশ সফর করেছেন। তাঁর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শত শত রাজনৈতিক বন্দির মুক্তির ব্যবস্থা হয়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি বেলারুশের উপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষেত্রেও কিছুটা শিথিলতা এসেছে।

বেলারুশের রাষ্ট্রদূতকে তলব করবে লিথুয়ানিয়া

ঘটনার পর লিথুয়ানিয়া বেলারুশের কাছে কড়া প্রতিবাদ জানাতে চলেছে। লিথুয়ানিয়ার বিদেশমন্ত্রী কেস্তুতিস বুদরিস জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে বেলারুশের রাষ্ট্রদূতকে তলব করবে তাঁর মন্ত্রক। ড্রোনটি বেলারুশ থেকেই লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকেছিল বলে প্রাথমিকভাবে জানা গেলেও, এর নিয়ন্ত্রণ কার হাতে ছিল বা সেটি ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত হয়নি।

ইউরোপজুড়ে বাড়ছে ‘হাইব্রিড যুদ্ধ’-এর আশঙ্কা

ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার সম্ভাব্য নাশকতা এবং গোপন হামলার আশঙ্কা নিয়ে সতর্কতা বাড়ছে। চলতি মাসের শুরুতে জার্মানি লাইপজিগ বিমানবন্দরে একটি ড্রোন হামলার চেষ্টার ঘটনায় রুশ গোয়েন্দা সংস্থার দিকে অভিযোগের আঙুল তুলেছিল।

সোমবার ডেনমার্কের সামরিক বাহিনী জানিয়েছে, একটি রুশ যুদ্ধজাহাজ তাদের একটি সামরিক হেলিকপ্টারের দিকে ফ্লেয়ার ছুড়েছিল। হেলিকপ্টারটি তখন নিয়মিত ছবি তোলার কাজ করছিল।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ঘটনাটিকে গুরুতর বলে অভিহিত করলেও একে অপ্রত্যাশিত বলেননি। তাঁর মতে, ইউরোপজুড়ে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসী আচরণ এবং ন্যাটোকে পরীক্ষা ও চ্যালেঞ্জ করার প্রবণতার একটি বৃহত্তর ধারা দেখা যাচ্ছে।

নেদারল্যান্ডসেও সম্ভাব্য নাশকতার অভিযোগ

একই সময়ে নেদারল্যান্ডসেও রেল পরিষেবা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির রেল পরিকাঠামো সংস্থা প্রোরেল জানিয়েছে, একাধিক জায়গায় ইচ্ছাকৃতভাবে রেললাইনের উপর কিছু সামগ্রী রেখে দেওয়া হয়েছিল। এর ফলে মঙ্গলবার সকালে কয়েকটি অঞ্চলে ট্রেন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রোরেলের প্রাথমিক বক্তব্য, এই ঘটনায় নাশকতার সম্ভাবনা রয়েছে।

ফলে লিথুয়ানিয়ার আকাশসীমায় ড্রোন প্রবেশের ঘটনা একক কোনও বিচ্ছিন্ন ঘটনা, নাকি ইউরোপজুড়ে বাড়তে থাকা বৃহত্তর নিরাপত্তা সমস্যার অংশ, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ন্যাটোর পূর্ব সীমান্তে একের পর এক আকাশপথের ঘটনা এবং ইউরোপের বিভিন্ন দেশে সম্ভাব্য নাশকতার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ আরও বাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *