‘বেবি ফেস’ দুর্গার সঙ্গে থাকছে চিন্ময়ী রূপও
সঞ্জয় দে, দুর্গাপুর
থিমের সজ্জার নামে সনাতনী ঐতিহ্য ও ধর্মীয় ভাবাবেগে যাতে আঘাত না–লাগে, সেই বিষয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাবেকি ও সনাতনী ধারার মূর্তি ও মণ্ডপ তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।
তার পরেও থিম পুজোর আদলে কাল্পনিক মূর্তি তৈরি অব্যাহত দুর্গাপুরে। বেনাচিতি অঞ্চলের এক পুজো কমিটি এ বার ‘কিউট বেবি ফেস’–এর আদলে দুর্গা প্রতিমা তৈরি করেছে। স্থানীয় এক মৃৎশিল্পী এই প্রতিমা তৈরি করেছেন। দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের ‘কিউট বেবি ফেস’ মূর্তি তৈরির কাজ অনেকটাই সারা।
‘কিউট বেবি ফেস’ আসলে কী? এটি এমন এক আকর্ষণীয় মুখাবয়ব, যা দেখতে অবিকল এক শিশুর মতো। গোল মুখ, চোখ আকারে বড়। মৃৎশিল্পী বলছেন, ‘আমাদের কী করার আছে! পুজো কমিটি যদি থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করতে বলে, আমরা তা নিষেধ করতে পারি না। পুজো কমিটির লোক ছবি নিয়ে এসেছিলেন। আমরা তা দেখে এই ধরনের দুর্গা তৈরি করছি।’
একই বক্তব্য দুর্গাপুরের বিখ্যাত মৃৎশিল্পী অরুণ পালের। তিনি বললেন ‘এ বার ৫০টি দুর্গা তৈরি করেছি। তার মধ্যে দুই থেকে তিনটি প্রতিমা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে। বাকি সব সাবেকি। মুখ্যমন্ত্রী নির্দেশে দিয়েছেন ঠিকই, কিন্তু পুজো কমিটিগুলি থিমের ঠাকুর তৈরি করতে বললে কী করার আছে!’
তবে উল্টো ছবিও রয়েছে। বেশ কিছু পুজো কমিটি রয়েছে যারা থিমের প্রতিমা তৈরি করার কথা ভেবেছিল কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আগের অবস্থান থেকে সরে গিয়ে সাবেক ঘরানার মূর্তি তৈরির দিকে ঝুঁকেছে। দুর্গাপুরের এক মৃৎশিল্পী সন্তোষ সূত্রধরের মন্তব্য, ‘এ বার পুজোয় ১৭টি দুর্গা প্রতিমা তৈরি করছি। প্রত্যেকটিই সাবেকি ঘরানার। অনেক পুজো কমিটি রয়েছে, যারা গত পুজোয় থিমের প্রতিমা তৈরি করেছিল, এ বার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সাবেকি প্রতিমা তৈরির কথা জানিয়েছে।’
সাবেকি প্রতিমার আদল প্রাচীন বাংলার বনেদি বাড়ি বা প্রাচীন বারোয়ারি পুজোর মঞ্চে যে মূর্তি দেখা যায়, তার মতো। দেবীর চোখ হবে টানা টানা। মুখাবয়বে চিরন্তন মাতৃত্বের স্নিগ্ধ ভাব। গায়ের রং হবে উজ্জ্বল হলুদ ও কমলা–হলুদ রঙের। ডাকের সাজ। সিংহ হবে পৌরাণিক ঘটকমুখী। এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তা হবে এক চালার।
দুর্গাপুরের অন্যতম বড় বাজেটের পুজোর আয়োজক অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। উদ্যোক্তাদের তরফে রাজা শ্যাম বললেন, ‘এ বার নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে মণ্ডপ হবে, তবে প্রতিমা হবে সাবেক ঘরানার উজ্জ্বল হলুদ রঙের।’ আর এক আয়োজক ঊর্বশী সর্বজনীন কমিটির পুজোর থিম। মঙ্গলঘট। উদ্যোক্তাদের পক্ষে সুপ্রিয় গঙ্গোপাধ্যায় বললেন, ‘থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি হলেও সাবেকিয়ানার ছাপ থাকবে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করা হবে না।’