খাওয়ার জন্য ২০ টাকা, রাস্তায় ভিক্ষুক সেজে অভিজ্ঞতা মহারাষ্ট্রের ধনীতম বিধায়কের
তিনি দেশের অন্যতম ধনী বিধায়ক। তাঁর সম্পত্তি পরিমাণ ৩ হাজার কোটি টাকার বেশি। অনায়াসেই পার্থিব সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্য কিনতে পারেন তিনি। সেই তিনিই রাস্তায় বসে ভিক্ষা করলেন। তিনি পরাগ শাহ। মুম্বইয়ের ঘাটকোপার ইস্ট এলাকার দু’বারের বিজেপি বিধায়ক তিনি। তবে কেউ তাঁকে চিনতে পারেননি। কারণ ছদ্মবেশ নিয়েই রাস্তায় বসে ভিক্ষা করেছেন তিনি। নিজেই জানিয়েছেন সেই অভিজ্ঞতার কথা। সেই সঙ্গেই জানিয়েছেন, এই ভাবে বসে তাঁর উপলব্ধি হয়েছে যে এখনও বেঁচে আছে মানবতা।
সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় ভিক্ষা করতে দেখা গিয়েছে পরাগ শাহ-কে। ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি। সেই সঙ্গেই রাস্তায় বসেই রোদ-বৃষ্টি-ঝড়, শারীরিক পরিশ্রমকে উপেক্ষা করেছেন। সহ্য করেছেন পথচারীদের কটু কথাও। সেই সবই করেছেন একটি মহৎ উদ্দেশ্যে। আর, এক দিনের ভিক্ষুক সেজে অন্য রকম অভিজ্ঞতাও লাভ হয়েছে তাঁর।
পরাগ শাহ জানিয়েছেন, নিজের আধ্যাত্মিক গুরু নম্রমুনি মহারাজ-এর পরামর্শ মেনেই এই কাজ করেছেন তিনি। জৈন ধর্মের ‘চতুরমাস’ (Chaturmas) চলাকালীন, একদিনের জন্য ভিক্ষুক হয়ে জীবনকে এবং সাধারণ মানুষের নিত্যদিনের কঠিন বাস্তবতাকে গভীরভাবে অনুভব করতে বলেন। সেই পরামর্শ মেনেই এই কাজ করেছেন তিনি। এই জন্য ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে বসেছিলেন ঘাটকোপার (Ghatkopar) রাস্তায়। সেখানেই ভিক্ষুক হিসেবে একদিন কাটান তিনি। অনুভব করেছিলেন জীবনযাপনের প্রকৃত যন্ত্রণা ও লাঞ্ছনা। তবে সেই সময়ে তাঁকে কেউই চিনতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
পরে সাধারণ বেশে আবার সেই এলাকায় গিয়েছিলেন পরাগ শাহ। সেখানে গিয়ে প্রকৃত ভিক্ষুকদের সমস্যা এবং যন্ত্রণা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনাও করেন।
তাঁর দাবি, অর্থ, খ্যাতি ও ক্ষমতা মানুষের মধ্যে অহংবোধ জাগিয়ে তোলে। কিন্তু গুরুর পরামর্শ মেনে এই কাজের অভিজ্ঞতা তাঁকে অহংবোধ থেকে মুক্ত হতে সাহায্য করেছে।
সেই সঙ্গেই তাঁর কী অভিজ্ঞতা হয়েছে তাও জানিয়েছেন বিজেপির এই বিধায়ক। তিনি জানান, নিজের আবাসন কমপ্লেক্সেই ভিক্ষক সেজে গিয়েছিলেন। তবে তাঁর নিরাপত্তারক্ষী তাঁকে সেখান থেকে সেখান থেকে বের করে দেন। একই রকম অভিজ্ঞতা হয়েছে এক বন্ধুর কাছে গিয়েও।
তবে, মুম্বইয়ে যে মানবতা এখনও বেঁচে আছে তাও দেখেছেন তিনি। পরাগ জানান, এক জন তাঁকে খাওয়ার জন্য ভিক্ষা হিসেবে ২০ টাকা দিয়েছিলেন। সেই টাকা নিয়ে একটি দোকানে গিয়েছিলেন তিনি। ওই দোকানদার কোনও টাকা না নিয়েই খেতে দিয়েছিলেন তাঁকে। পরে আসল চেহারা নিয়েও ওই দোকানদারের কাছেও গিয়েছিলেন তিনি।