কেন্দ্রের চাপের মুখে শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয় রিপোর্ট করতে রাজি মেটা
নয়াদিল্লি: ভারতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শিশুদের অনলাইন নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কড়া চাপের মুখে বড়ো সিদ্ধান্ত নিল ফেসবুক ও ইনস্টাগ্রামের মাতৃসংস্থা মেটা (Meta)। সরকারি…
নয়াদিল্লি: ভারতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শিশুদের অনলাইন নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কড়া চাপের মুখে বড়ো সিদ্ধান্ত নিল ফেসবুক ও ইনস্টাগ্রামের মাতৃসংস্থা মেটা (Meta)। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, শিশু নির্যাতন সংক্রান্ত বিষয় এবং চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ (Child Sexual Abuse)-এর মতো গুরুতর অপরাধমূলক তথ্যগুলি এবার থেকে সরাসরি উপযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবে মেটা। সেন্ট্রাল গভমেন্টের লাগাতার নজরদারি ও কড়া বার্তার পরেই এই পদক্ষেপ করেছে সংস্থাটি।
সম্প্রতি মেটা-র মালিকানাধীন জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে কিছু পেইড বিজ্ঞাপনের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়ন ও নির্যাতনের উপাদান ছড়ানোর গুরুতর অভিযোগ ওঠে। একটি সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ভারতে ইনস্টাগ্রামে প্রায় ৩০টি বিশেষ বিজ্ঞাপন দেখা গিয়েছে, যেগুলি শিশু নির্যাতন সংক্রান্ত বিভিন্ন শব্দ ব্যবহার করে ব্যবহারকারীদের টেলিগ্রাম চ্যানেলের দিকে চালিত করছিল। যেখানে এই ধরনের আপত্তিকর বিষয়বস্তু উপলব্ধ ছিল।
এই খবর প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে কেন্দ্র। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) মেটাকে একটি নোটিশ পাঠিয়ে ইনস্টাগ্রামে এই ধরনের বিজ্ঞাপন এবং কনটেন্ট দ্রুত ব্লক করার নির্দেশ দেয়। পাশাপাশি, কীভাবে এই ধরনের বিজ্ঞাপন প্ল্যাটফর্মে ঢুকল, সে বিষয়ে মেটার কাছে বিস্তারিত ব্যাখ্যা তলব করা হয়। এমনকি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR) এবং জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)-ও এই ঘটনায় কড়া পদক্ষেপ করে মেটা ইন্ডিয়ার আধিকারিকদের তলব এবং অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠায়।
মেটার প্রতিক্রিয়া ও সরকারি অবস্থান
যদিও মেটার তরফে জানানো হয়েছে যে, কিছু বিজ্ঞাপন তাদের নীতি লঙ্ঘন করেছিল এবং সেগুলি চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গেই সরিয়ে দেওয়া হয়েছে। তবে সংস্থার দাবি, তারা ইচ্ছাকৃত বা জেনেশুনে এই ধরনের কনটেন্ট প্রচার করেনি। শিশুদের সুরক্ষার বিষয়ে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং এআই প্রযুক্তির সাহায্যেই তারা আপত্তিকর কনটেন্ট ব্লক করে থাকে।
Advertisements
এদিকে সরকারি সূত্র জানিয়েছে, মেটার এই সিদ্ধান্তকে আপাতত একটি “প্রাথমিক পদক্ষেপ” হিসেবে দেখা হচ্ছে, তবে শিশুদের সুরক্ষায় এখনও অনেক দূর যেতে হবে। ভবিষ্যতে যে সমস্ত প্ল্যাটফর্ম শিশুদের সুরক্ষায় এ ধরনের সক্রিয় পদক্ষেপ করবে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র।
পাকিস্তানে মাসুদ আজহারের মাথার দাম বেড়ে হল ৭০ লক্ষ পাকিস্তানি রুপি
থাই নাগরিকদের জন্য ৩০ দিনের ডাবল-এন্ট্রি ই-ট্যুরিস্ট ভিসার ফি মকুব মোদী সরকারের