ডিম্বাশয়ের পরে লিভারেও ছড়িয়েছে ক্যান্সার, চিকিৎসা নিয়ে কী জানালেন নাফিসা আলি?
অসুস্থতার খবর এর আগে নিজেই অনুরাগীদের জানিয়েছেন তিনি। ফোর্থ স্টেজ ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছেন অভিনেত্রী নাফিসা আলি। দীর্ঘ দিন ধরে চিকিৎসাও চলছে তাঁর। এ বার নিজের শারীরিক পরিস্থিতির আপডেট দিলেন অভিনেত্রী। সম্প্রতি সিটি স্ক্যান করে দেখা গিয়েছে, লিভারের উপরিভাগেও ক্যান্সার ছড়িয়েছে তাঁর। মারণরোগের যন্ত্রণা নিয়ে কী লিখলেন নাফিসা?
ক্যান্সার লিভারের উপরে ছড়িয়ে পড়ায় চিকিৎসার পদ্ধতিতেও বেশ কিছু পরিবর্তন এনেছেন চিকিৎসকেরা। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন নাফিসা। যেখানে ৬৯ বছরের অভিনেত্রীকে হাতে আইভি ড্রিপ লাগানো অবস্থায় একটি ছবি শেয়ার করতে দেখা যায়।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমায় এখন টার্গেটেড থেরাপি দেওয়া হচ্ছে। ক্যান্সারের যন্ত্রণা নিয়েই জীবন চালিয়ে যাচ্ছি। আপনার সবসময় আমার পাশে থেকেছেন। এ ভাবে মনোবল বাড়ানোর জন্য ধন্যবাদ।’
২০১৮ সাল থেকে ক্যান্সারের চিকিৎসা চলছে নাফিসার। সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী, ওভারিয়ান ক্যান্সার এখন লিভারে উপরিভাগেও ছড়িয়েছে। অভিনেত্রীর এই কঠিন অবস্থা সামলে উঠতে তাঁকে সাহস জুগিয়েছেন অনেকেই। এক অনুরাগী লিখেছেন, ‘লড়াই চালিয়ে যাও। তুমি শক্তিশালী ও সাহসী। অবশ্যই সুস্থ হয়ে উঠবে।’