গুরগাঁও-এ মহিলা বাইকারকে ধাক্কা মেরে চম্পট ‘মদ্যপ’ চালকের, ভাইরাল ভিডিয়ো - 24 Ghanta Bangla News
Home

গুরগাঁও-এ মহিলা বাইকারকে ধাক্কা মেরে চম্পট ‘মদ্যপ’ চালকের, ভাইরাল ভিডিয়ো

Spread the love

গুরগাঁও: হরিয়ানার গুরগাঁও-এ ব্যস্ত গলফ কোর্স রোডে (Golf Course Road) এক মহিলা বাইকারকে সজোরে ধাক্কা মারার অভিযোগ উঠল বেপরোয়া গতির একটি গাড়ির বিরুদ্ধে। হিট-এন্ড-রান (hit-and-run)…

গুরগাঁও: হরিয়ানার গুরগাঁও-এ ব্যস্ত গলফ কোর্স রোডে (Golf Course Road) এক মহিলা বাইকারকে সজোরে ধাক্কা মারার অভিযোগ উঠল বেপরোয়া গতির একটি গাড়ির বিরুদ্ধে। হিট-এন্ড-রান (hit-and-run) ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ওই মহিলা বাইকার। ঘটনাটির রোমহর্ষক দৃশ্য ওই বাইকারের হেলমেটে লাগানো অ্যাকশন ক্যামেরায় ধরা পড়ে, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আহত ওই মহিলা বাইকারের নাম সিয়া (Sia)। রবিবারের ছুটির দিনে তিনি তাঁর অন্য বাইকার বন্ধুদের সঙ্গে রাইডে বেরিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে সিয়ার অভিযোগ, একটি সাদা রঙের সেডান (Sedan) গাড়িটি অনেকক্ষণ ধরে তাঁদের অনুসরণ করছিল এবং চালক অত্যন্ত আগ্রাসীভাবে গাড়ি চালাচ্ছিলেন। সিয়ার দাবি, প্রথমে তিনি ওই গাড়ির চালককে নিরাপদ দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছিলেন। কিন্তু পরিবর্তে চালক তাঁকে গাড়ি সাইড করতে বাধ্য করার চেষ্টা করেন। এমনকি গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। তবে ওই গাড়িতে ঠিক কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি।

ভিডিওতে দেখা গিয়েছে, সেডান গাড়িটিকে ওভারটেক করে সামনে থাকার চেষ্টা করছিলেন সিয়া, যাতে চালক তাঁর বাইকের সামনে হঠাৎ কাট করতে না পারে। কিন্তু গাড়িটি তাঁর পিছু ছাড়েনি। পরিস্থিতি বিপজ্জনক বুঝে সিয়ার এক সহযাত্রী বন্ধু তাঁকে আড়াল করার জন্য নিজের বাইকটি সিয়ার ঠিক পেছনে নিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ ডান দিক থেকে তীব্র গতিতে এসে সিয়ার বাইকে সজোরে ধাক্কা মারে সাদা সেডানটি। সংঘর্ষের জেরে ছিটকে রাস্তায় পড়ে যান সিয়া, আর তাঁর সুপারবাইকটি পিচ রাস্তার ওপর ঘষটে যেতে যেতে স্পার্ক বা আগুনের ফুলকি ছড়ায়।

Advertisements


   


   

ঘটনার পর অন্য এক বাইকারের হেলমেট ক্যামেরায় ধরা পড়ে এক নাটকীয় দৃশ্য। সঙ্গী ওই বাইকার দ্রুত সেডানটিকে ধাওয়া করেন। একটি ট্রাফিক সিগন্যালে গাড়িটি থামলে তিনি চালকের মুখোমুখি হওয়ার চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের মধ্যে ফের গাড়ি ছুটিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। পরবর্তীতে আহত সিয়াকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার আকস্মিকতা ও সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পরেই নড়েচড়ে বসে গুরগাঁও ট্রাফিক পুলিশ এবং সাইবার সেল। শুরু হয় ঘটনার তদন্ত।

এদিকে, এই ঘটনায় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র সঙ্গে কথা বলতে গিয়ে গাড়িটির প্রকৃত মালিক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানান, সেই সময় গাড়িটি তাঁর এক স্কুলবন্ধুর কাছে ধার দেওয়া ছিল এবং সেই বন্ধু আবার তা অন্য এক ব্যক্তিকে চা্যলাতে দিয়েছিল। ঘটনার সময় সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিই গাড়ি চালাচ্ছিল বলে দাবি তাঁর৷

ফোনে দেওয়া সাক্ষাৎকারে সেনাকর্মী ওই মালিক বলেন, “আমি বর্তমানে শহরের বাইরে আছি এবং ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। আমার স্কুলবন্ধু দুদিনের জন্য গাড়িটি চেয়ে নিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে আমি তার সঙ্গে যোগাযোগ করি। সে আমাকে জানায় যে, তার অন্য এক পরিচিত, যাকে আমি ঠিকমতো চিনিও না, সে গাড়িটি নিয়ে গিয়েছিল।” এমনকি অভিযুক্ত চালক ও গাড়িটির বর্তমান অবস্থান সম্পর্কে তিনি এবং তাঁর বন্ধু সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন বলে দাবি করেছেন। পাশাপাশি, এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলেও জানিয়েছেন গাড়ির মালিক।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে গুরগাঁও পুলিশ নিজের থেকেই এই বিষয়ে একটি মামলা (suo motu case) দায়ের করেছে। বর্তমানে পলাতক চালক এবং গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ সত্যতা যাচাই করতে আশপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই ঘটনায় সমস্ত আইনি দিক ও তথ্য সংগ্রহ করতে আহত মহিলা বাইকারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

মুম্বই বিমানবন্দর এলাকায় কি করে গড়ে উঠল ৩০০০ বর্গফুটের মসজিদ! অভিযোগ বিজেপি নেতার

২০২৫ থেকে উন্নতি হয়েছে ভারত-চিন সীমান্তে! উদ্বেগ বাড়ছে LOC তে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *