Jalpaiguri: প্রধান শিক্ষককে পিছনে থেকে ধাক্কা মেরে ফেলে মাথা ফাটিয়েছিল! ওই ৪ ছাত্রের এখন কী অবস্থা জানেন? | Jalpaiguri School Violence: 4 Students in Juvenile Custody After Headmaster Assault
জলপাইগুড়ি প্রধান শিক্ষককে ‘মার’Image Credit: TV9 Bangla
জলপাইগুড়ি: ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। জামিনের জন্য আবেদন করেননি কেউ। জলপাইগুড়ির স্কুলে প্রধান শিক্ষককে ধাক্কা মেরে ফেলে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে আটক চার ছাত্রই জুভেনাইল হেফাজতে। গত মঙ্গলবার জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মেরে রক্তাক্ত করে বলে অভিযোগ। প্রধান শিক্ষককে মার, স্কুল বিল্ডিংয়ে ভাঙচুর সহ অন্যান্য অভিযোগে চার ছাত্রকে শনিবার আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এরপর তাদের কোরক হোমে রাখা হয়।
রবিবার যথারীতি জুভেনাইল জাস্টিস বোর্ডে ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট সময়ে কার্যালয়ে হাজির হলেও ছাত্রদের তরফে তাদের অভিভাবক বা কোনও আইনজীবী জামিনের আবেদন করেননি।
ইতিমধ্যেই এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। অভিযুক্ত ৪ ছাত্রকে TC দেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি। বহিরাগতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্কুল শিক্ষামন্ত্রীর।
গত মঙ্গলবার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যা রাজ্যের শিক্ষাব্যবস্থার ভিতকে রীতিমতো নাড়িয়ে দেয়। ঝড়ের গতিতে ধেয়ে আসছে একদল যুবক। রে রে তাড়া করেছেন তাঁরা। সামনে ঊর্ধ্বঃশ্বাসে ছুটছেন এক জন মাঝবয়সী ব্যক্তি। তিনি স্কুলের প্রধান শিক্ষক। ওই উন্মত্ত ছাত্রদের মধ্যেই একজন ধাক্কা মারে প্রধান শিক্ষককে। প্রধান শিক্ষক মুখ থুবড়ে পড়েন। মাথা ফেটে যায় তাঁরা। এই দৃশ্য রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে শিক্ষাবিদদের মধ্যে। ঘটনায় কড়া পদক্ষেপ করেছেন স্কুল শিক্ষামন্ত্রী। যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, স্কুল ইউনিফর্মে নেই এমন যুবকও প্রধান শিক্ষককে মারধর করছে।