মাটির নীচে নতুন উভচরের সন্ধান পেল জে়ডএসআই, নামেই থাকল চাঁদগড়ের ভাষা
চাঁদগড়ের বুজাওয়াড়ে এলাকার যে জায়গা থেকে এই প্রাণীর খোঁজ মিলেছে, সেটি কোনও গভীর সংরক্ষিত অরণ্যে নয়, সেই জায়গা মানুষের বসতি ও কৃষিজমির কাছাকাছি। সেখানেই মাটির নীচে বাস করছিল এই প্রাণী। জ়েডএসআই–এর অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘বনসীমার বাইরে মানুষের দৈনন্দিন ব্যবহারের জমিতেও যে বহু অজানা প্রাণী টিকে থাকতে পারে, এই আবিষ্কার তারই প্রমাণ।’ প্রাণীটি দেখতে কেঁচো বা চোখহীন সাপের মতো হওয়ায় শুধু বাহ্যিক চেহারা দেখে তাকে আলাদা করা কঠিন। তাই গবেষকরা তার দেহের গঠন, বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য এবং জিনগত তথ্য একসঙ্গে পরীক্ষা করেন। সেই বিশ্লেষণেই নিশ্চিত হয়, এটি আগে নথিভুক্ত কোনও প্রজাতি নয়।