অর্শদীপ-অভিষেকের দাপট, কামব্যাকে ফ্লপ সঞ্জু, আফগানদের উড়িয়ে যাত্রা শুরু ভারতের
ঘরের মাঠেই অ্যাওয়ে ম্যাচ। রবিবার দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে নেমেছে ভারত। নিজেদের দেশে সিরিজ় আয়োজন করতে না পারায় দিল্লিতেই হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। তবে চেনা পরিবেশেও দাগ কাটতে পারল না আফগানিস্তান। ৭ উইকেটে সহজ জয় দিয়েই সিরিজ় শুরু করল ভারত।
দীর্ঘদিন পরে ভারতের জার্সিতে ফিরে নজর কাড়লেন বুমরা। তবে আগুনে পেসে তিন উইকেট নিয়ে ভারতকে জয়ের মঞ্চ গড়ে দিলেন অর্শদীপ সিং। সেই মঞ্চে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলে জয় এনে দিলেন অভিষেক শর্মা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৬ রান তোলে আফগানরা। জবাবে তিন উইকেট হারিয়েই ১৩.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ভারত।