বৃষ্টিতে ফের বন্ধ কেদারনাথের রাস্তা, নিরাপত্তায় বড় সিদ্ধান্ত রুদ্রপ্রয়াগ প্রশাসনের
একটানা ভারী বৃষ্টির জেরে ফের বন্ধ কেদারনাথের যাত্রাপথ। চিরবাসা হেলিপ্যাডের কাছে বৃষ্টির জলের স্রোতে রাস্তায় নেমে এসেছে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ। ফলে ব্যাহত হয়েছে তীর্থযাত্রীদের যাতায়াত। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ড থেকে তাঁদের চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে রুদ্রপ্রয়াগ প্রশাসন। ইতিমধ্যেই রাস্তা থেকে পাথর ও ধ্বংসাবশেষ সরিয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব কেদারনাথ যাত্রা ফের স্বাভাবিক করতে তৎপর রুদ্রপ্রয়াগ প্রশাসন। পাশাপাশি, আবহাওয়া পরিস্থিতি ও যাত্রাপথের অবস্থার উপরও নিয়মিত নজর রাখা হচ্ছে।