পহেলগাঁও হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’-এর বার্তা
নয়াদিল্লি: পহেলগাঁওয়ে ২০২৫ সালের এপ্রিলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় কড়া নিন্দা জানাল ব্রিকস। নয়াদিল্লিতে প্রকাশিত সদস্য দেশগুলির যৌথ ঘোষণাপত্রে ২২ এপ্রিলের ওই হামলার কথা উল্লেখ…
নয়াদিল্লি: পহেলগাঁওয়ে ২০২৫ সালের এপ্রিলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় কড়া নিন্দা জানাল ব্রিকস। নয়াদিল্লিতে প্রকাশিত সদস্য দেশগুলির যৌথ ঘোষণাপত্রে ২২ এপ্রিলের ওই হামলার কথা উল্লেখ করে নিহত ও আহতদের প্রতি উদ্বেগ প্রকাশ করা হয়েছে। হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল এবং আরও অনেকে আহত হন।
ব্রিকস নেতাদের ঘোষণায় বলা হয়েছে, যে উদ্দেশ্যেই সন্ত্রাস চালানো হোক না কেন, কোনও পরিস্থিতিতেই এমন হামলাকে যুক্তিযুক্ত বলে মেনে নেওয়া যায় না। সন্ত্রাসের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা জোরদার করার পক্ষে সওয়াল করেছে জোট। বিশেষ করে সীমান্ত পেরিয়ে জঙ্গিদের যাতায়াত, সন্ত্রাসে অর্থের জোগান এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার মতো বিষয়গুলির বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
ঘোষণাপত্রে আরও স্পষ্ট করা হয়েছে, সন্ত্রাসবাদকে কোনও নির্দিষ্ট ধর্ম, জাতি, জাতীয়তা বা সভ্যতার সঙ্গে যুক্ত করা উচিত নয়। যারা সরাসরি জঙ্গি কার্যকলাপে যুক্ত এবং যারা তাদের সাহায্য বা মদত দেয়, তাদের বিরুদ্ধে দেশের আইন ও আন্তর্জাতিক আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ব্রিকস।
সন্ত্রাস মোকাবিলায় কোনও ধরনের দ্বৈত মানদণ্ডেরও বিরোধিতা করেছে সদস্য দেশগুলি। ঘোষণাপত্রে বলা হয়েছে, জঙ্গি হুমকি মোকাবিলায় রাষ্ট্রগুলির গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তবে সেই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সীমার মধ্যেই হওয়া প্রয়োজন। রাষ্ট্রসংঘের সনদ, মানবাধিকার, শরণার্থী এবং মানবিক আইনের প্রাসঙ্গিক নীতিগুলি মেনে সন্ত্রাস দমনের পক্ষে সওয়াল করা হয়েছে।
Advertisements
একই সঙ্গে ব্রিকসের সন্ত্রাসবিরোধী কর্মগোষ্ঠীর কাজের প্রশংসা করা হয়েছে। ওই কর্মগোষ্ঠীর অধীনে থাকা পাঁচটি উপগোষ্ঠীর কার্যক্রমের কথাও উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত পূর্ণাঙ্গ কনভেনশন দ্রুত গ্রহণের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে জোট।
পহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে এটি ব্রিকসের পরপর দ্বিতীয় বছরের বিবৃতি। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে ব্রিকসের মন্ত্রীরা পৃথক যৌথ বিবৃতিতে হামলার নিন্দা করেছিলেন এবং সীমান্তপারের সন্ত্রাস, সন্ত্রাসে অর্থ জোগান ও জঙ্গিদের নিরাপদ আশ্রয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানিয়েছিলেন।
বাণিজ্যে একতরফা শুল্ক ও জবরদস্তির তীব্র নিন্দা: ব্রিকসের ঘোষণাপত্রে সংলাপের ডাক
লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধে ফের জামিনঅযোগ্য পরোয়ানা জারি NIA কোর্টে