টেন্ডারের মেয়াদ শেষেও পার্কিং ফি আদায়ের অভিযোগ শিলিগুড়িতে
খোঁজ নিয়ে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরসভার ২৯ টি জায়গায় পার্কিংয়ের জন্য টাকা দিতে হয়। টেন্ডার ডেকে বরাত দেওয়া হয়। শিলিগুড়ি শহরের হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড, এসএফ রোড, বর্ধমান রোড-সহ বিভিন্ন জায়গায় বহুদিন আগে পার্কিংয়ের টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যদিও বহাল তবিয়তে সেসব জায়গা থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ। এ ভাবে টাকা তোলা যাবে না বলে মাস দেড়েক আগে হুঁশিয়ারি দিয়েছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেতা দিলীপ সিং বলেন, ‘এটা তোলাবাজি। পেছনে কোনও শক্তি না থাকলে সাধারণ পার্কিং কর্মীদের ক্ষমতা নেই এ ভাবে টাকা তোলার। শাসকদলের মদত ছাড়া টাকা তোলা যায় না। পুরসভা তদন্ত করে দেখুক, এর পেছনে কারা রয়েছে।’ শাসকদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ গত পুরবোর্ডের বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন। তিনি বলেন, ‘কারা, কী ভাবে টাকা তুলছে জানি না। খোঁজ নিয়ে দেখব, কারা এ ভাবে টাকা তুলছে। পুর কমিশনার এবং পুলিশকেও বলব তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’