বদলি নীতি নিয়ে এ বার আইনি পথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা?
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান প্রশাসকদের একাংশের দাবি, এ ভাবে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্যত্র বদলির ফলে ‘রস্টার অফ অ্যাপয়েনমেন্ট’ও বিঘ্নিত হবে। কারণ, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিয়োগের সংরক্ষণ নীতি আছে। প্রয়োজনের ভিত্তিতে শূন্যপদ তৈরি না করে পুরোনো বিশ্ববিদ্যালয় থেকে নতুন বিশ্ববিদ্যালয়ে বদলি করা হলে, দু’জায়গাতেই সংরক্ষণ নীতি ভাঙার আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে বিগত সরকারের আমলে ‘উৎসশ্রী’র মাধ্যমে স্কুলে বদলি নীতির উদাহরণও দিচ্ছেন কেউ কেউ। বিষয়ভিত্তিক পড়ুয়া অনুপাতে পুরোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক–শিক্ষিকাদের ভারসাম্য রাখা না হলে, দুই জাতীয় নিয়ামক সংস্থা ন্যাক এবং এনআইআরএফ–র মাপকাঠিতে যাদবপুর, কলকাতা, প্রেসিডেন্সি, বর্ধমান, রবীন্দ্র ভারতী, বিদ্যাসাগর, উত্তরবঙ্গের মতো প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর অবনমন আরও নিশ্চিত হবে বলেও আশঙ্কা করছেন প্রবীণ শিক্ষাবিদদের অনেকে।