একসঙ্গে আট বিশেষজ্ঞ চিকিৎসক বদলি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, মুখ্যমন্ত্রীকে নালিশ বিজেপির
রহিমা খাতুন নামে রোগীর এক পরিজন বলেন, ‘মেয়ের জ্বর ও প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলাম। ইমার্জেন্সিতে কোনও চিকিৎসক না পেয়ে ফিরে যেতে হয়। পরের দিনও একই পরিস্থিতি। বাধ্য হয়ে আউটডোরে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা করাতে হয়েছে।’ হাসপাতালে চিকিৎসা করাতে আসা রামমোহন রায় বলেন, ‘একসঙ্গে দশজন চিকিৎসক বদলি হওয়ার কারণেই এই অচলাবস্থা তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সকালে হাসপাতালে এলে ডাক্তার দেখাতে বিকেল হয়ে যাচ্ছে।’ রোগীদের অভিযোগ, হাসপাতালটি কার্যত রেফার হাসপাতালে পরিণত হয়েছে। বর্তমানে ধূপগুড়ি হাসপাতালে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি রয়েছেন তিন জন মেডিক্যাল অফিসার, একজন অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার এবং জাতীয় স্বাস্থ্য মিশনের একজন চিকিৎসক। ব্লক স্বাস্থ্য আধিকারিক ও অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক থাকলেও প্রশাসনিক দায়িত্বের কারণে নিয়মিত রোগী দেখা তাঁদের কার্যত সম্ভব নয়। বর্তমানে তিনজন করে স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ, দু’জন করে চক্ষু ও মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন প্যাথলজিস্ট রয়েছেন।