১৩-য় ডেবিউ, দ্রুততম ১০০০ রান, সচিনকে ছুঁতে পারতেন, তবে ১৮-তেই শেষ ধ্রুবর জার্নি
ক্রিকেটে প্রতিভার অভাব কখনও ছিল না। কিন্তু কিছু প্রতিভা এমন থাকে, যাদের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। ভারতের ক্রিকেটে ধ্রুব পাণ্ডবের (Dhruva Pandove) গল্পটাও তেমনই। সচিন তেন্ডুলকরের ( Sachin Tendulkar) সমসাময়িক ছিলেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই নজর কেড়েছিলেন পাঞ্জাবের এই ব্যাটার। বৈভব সূর্যবংশীকে নিয়ে আজ যেমন ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা, একটা সময়ে ধ্রুবকে নিয়েও ছিল তেমনই আগ্রহ। কিন্তু মাত্র ১৮ বছর বয়সেই ভয়াবহ পথ দুর্ঘটনায় থেমে যায় তাঁর ক্রিকেট জীবন। ১৯৯২ সালের ৩১ জানুয়ারি আম্বালায় ঘটে সেই মর্মান্তিক ঘটনা।
মাত্র ১৩ বছরেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক
ঘটনাটি ঘটেছিল ধ্রুবর একটি দেওধর ট্রফির ম্যাচ খেলার পর। ওডিশায় ম্যাচ খেলে আম্বালায় ফিরেছিলেন তিনি। সেখান থেকে তাঁর যাওয়ার কথা ছিল পাতিয়ালায়, বাবা-মায়ের কাছে। উত্তর ভারতে জানুয়ারি মাসে ঘন কুয়াশা খুবই সাধারণ ঘটনা। অনেক সময় রাস্তায় দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যায়। তখনও ক্রিকেট খেলছিলেন চেতন শর্মা। তিনিই ধ্রুবকে পরামর্শ দিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আম্বালা থেকে বেরোতে না। কিন্তু কয়েক দিনের মধ্যেই ধ্রুবের একটি ভিসিটিং টিমের বিরুদ্ধে ম্যাচ ছিল। তাই বাবা-মায়ের সঙ্গে যতটা সম্ভব বেশি সময় কাটাতে চেয়েছিলেন তিনি। চেতন শর্মার পরামর্শ না মেনে শেষ পর্যন্ত ট্যাক্সি নিয়ে পাতিয়ালার উদ্দেশে রওনা দেন ধ্রুব।
কিন্তু সেই যাত্রা আর শেষ হয়নি। ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি। তখন তাঁর বয়স মাত্র ১৮ বছর। এর মধ্যেই ভারতীয় টেস্ট দলে জায়গা পাওয়ার দরজায় কড়া নাড়তে শুরু করেছিলেন তিনি।
২০ দিনের জন্য ইডেনের দখল নেবে রাজ্য সরকার, যার জেরে সরল রঞ্জি ম্যাচ, সম্মতি সৌরভেরসচিনের সঙ্গে তুলনা চলত, ভবিষ্যৎ নিয়ে ছিল বড় প্রত্যাশা
খুব অল্প বয়সেই ধ্রুব নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন। মাত্র ১৩ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। যেখানে সচিন তেন্ডুলকর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন ১৫ বছর বয়সে। ১৪ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান করেছিলেন ধ্রুব। সচিনও ১৫ বছর বয়সে সেই কীর্তি গড়েছিলেন। মাত্র ১৭ বছর বয়সে রঞ্জি ট্রফিতে ১,০০০ রান করা সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হয়েছিলেন ধ্রুব।
এই কারণেই বারবার তাঁর সঙ্গে সচিনের তুলনা করা হতো। তত দিনে সচিন ভারতের হয়ে খেলাও শুরু করে দিয়েছেন। ধ্রুবেরও স্বপ্ন ছিল তাঁর সঙ্গে ভারতীয় দলে খেলা। পাঞ্জাবের এই ব্যাটার ছটি লিস্ট ‘এ’ ম্যাচও খেলেছিলেন। ভিসিটিং টিমের বিরুদ্ধে বড় রান করতে পারলেই নির্বাচকেরা তাঁকে ভারতীয় দলে সুযোগ দিতে বাধ্য হবেন— এমন বিশ্বাস ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই সব শেষ হয়ে যায়।
দুর্ঘটনার পর পরিবারের সিদ্ধান্ত, সতীর্থদের স্মৃতিতে আজও ধ্রুব
ধ্রুবের অকালমৃত্যু তাঁর পরিবারকে গভীর ভাবে ভেঙে দিয়েছিল। তাঁর ছোট ভাই কুণালকে আর পেশাদার ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়নি। এমন কী, কুণাল যাতে ক্রিকেট খেলতে না পারেন, তা নিশ্চিত করতে তাঁর মা ক্রিকেটের কিট পর্যন্ত পুড়িয়ে দিয়েছিলেন।
ধ্রুবের সঙ্গে সেই দেওধর ট্রফির ম্যাচে দক্ষিণাঞ্চলের হয়ে খেলেছিলেন অনিল কুম্বলে। বহু বছর পরে তিনি ধ্রুবকে স্মরণ করে বলেছিলেন, ‘ওকে আমার খুব প্রতিভাবান ব্যাটার হিসেবেই মনে আছে। যে ছেলেটার মধ্যে এত বড় কিছু করার সম্ভাবনা ছিল, তাকে এ ভাবে হঠাৎ হারিয়ে ফেলাটা খুবই দুঃখের।’
ধ্রুবের সঙ্গে খেলেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিক্রম রাঠোরও। তাঁর কথায়, ‘ওর মাথা খুব ঠান্ডা ছিল। ক্রিকেট নিয়েও ওর ভাবনাচিন্তা ছিল খুব পরিষ্কার। ক্রিকেটে ওর সামনে দারুণ ভবিষ্যৎ ছিল।’
আর অজয় জাডেজার কথায় ধ্রুবের চরিত্রটা আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেছিলেন, ‘ওর মধ্যে অসম্ভব প্রাণশক্তি ছিল। এত কম বয়সে ওর মতো নির্ভীক কাউকে আমি দেখিনি। যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ও লড়াই করতে পারত। ওর লড়াই করার মানসিকতা আশপাশের সবাইকেও অনুপ্রাণিত করত।’
প্রায় ৩৪ বছর পেরিয়ে গিয়েছে সেই দুর্ঘটনার। সময়ের সঙ্গে ভারতীয় ক্রিকেট অনেক দূর এগিয়েছে। ধ্রুব পাণ্ডবের নামও আজ অনেকের স্মৃতি থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু তাঁর গল্প মনে করিয়ে দেয়, ভারতীয় ক্রিকেট কত বড় এক প্রতিভাকে হারিয়েছিল। আজও একটা প্রশ্ন থেকেই যায়— সেই দুর্ঘটনা যদি না ঘটত, তা হলে ধ্রুব পাণ্ডব হয়তো ভারতীয় ক্রিকেটের আরও এক উজ্জ্বল তারকা হয়ে উঠতেন।