Indian Cricket: এশিয়ান গেমসে কোথায় থাকবে টিম ইন্ডিয়া, জানালেন BCCI সহ-সভাপতি রাজীব শুক্ল! | No Five Star Stay for Indian Cricketers at Asian Games; Teams to Stay in Designated Nagoya Accommodation
জাপান: বিদেশ সফরে সাধারণত ৫ ষ্টার হোটেলেই থাকেন ভারতীয় ক্রিকেটারেরা। তবে আসন্ন এশিয়ান গেমসের জন্য জাপানের নাগোয়াতে গিয়ে সেই সুবিধা নাও মিলতে পারে ভারতীয় পুরুষ ও নারী ক্রিকেট দলের। বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন, আয়োজক কমিটির নির্ধারিত আবাসনে থাকবেন ক্রিকেটাররা।
শুক্ল অবশ্য জানিয়েছেন, আবাসন নিয়েই কোনও সমস্যা নেই ও ভারতীয় দুই দলের ক্রিকেটাররা এই ব্যবস্থায় সন্তুষ্ট । নাগোয়ায় উন্নত মানের হোটেলের সংখ্যা কম হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে তিনি স্পষ্ট করেছিলেন, আবাসন ৫ তারা না হলেও তা বেশ ভাল ও আরামদায়ক। তিনি বলেন, “আয়োজকদের দেওয়া আবাসনের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। সেগুলো দেখে মনে হয়েছে, ক্রিকেটারদের থাকার জন্য জায়গাটি যথেষ্ট আরামদায়ক। বিকল্প হিসেবে টোকিও বা ওসাকায় থাকার ব্যবস্থা করা যেত, কিন্তু সেখান থেকে এই যায়গাতে যেতে অনেক সময় লাগবে।” আইওএ-র তরফ থেকে সভাপতি পিটি ঊষাও জানিয়েছেন, আবাসন সংক্রান্ত বিষয়টি মিটে গিয়েছে। ইতিমধ্যেই ভারতীয় দলের জন্য জায়গা বুক করা হয়ে গিয়েছে।
আয়োজকরা অ্যাথলিটদের জন্য নির্দিষ্ট আবাসনের পাশাপাশি জাহাজ ও ছোট ভিলার ব্যবস্থাও করছে বলে জানা গিয়েছে। নাগোয়াতে সেরা যে হোটেলগুলো আছে, তার মধ্য থেকেই ক্রিকেটারদের জন্য ভাল ব্যবস্থা করা হচ্ছে। রাজীব শুক্ল জানিয়েছেন, ক্রিকেটারদের টুইন-শেয়ারিং রুমে রাখা হবে না। অর্থাৎ, প্রত্যেক ক্রিকেটার আলাদা ঘরেই থাকবেন। শুক্লর মতে, নাগোয়াতে পর্যাপ্ত সংখ্যক বড় হোটেল নেই। টোকিও থেকে বুলেট ট্রেনে নাগোয়ায় যেতে প্রায় দেড় ঘন্টা লাগে, একইভাবে ওসাকাও দূরে। এশিয়ান গেমসে সব দেশের ক্রীড়াবিদদের একই পরিবেশে রাখাই আয়োজকদের লক্ষ্য। তাই ভারতীয় ক্রিকেটারদের নাগোয়ায় রাখার সিদ্ধান্ত হয়েছে।
আবাসন নিয়ে আলোচনার চেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় চিন্তার বিষয় ছিল, মাঠ, পিচ ও ড্রেসিংরুমের মান। শুক্ল জানিয়েছেন, এসিসির একটি দল নাগোয়াতে গিয়ে সবকিছু পরিদর্শন করেছে ও দেখে সন্তুষ্ট হয়েছে। ভারতীয় পুরুষ ক্রিকেট দল ২০ সেপ্টেম্বর টোকিওর উদ্দেশ্যে রওনা হবে। এরপর ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবে ভারত। এশিয়ান গেমসে ভারতের প্রথম ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর।