৭০ বছরের নিয়মে বদল, এ বার থেকে নতুন নতুন শহরে বসবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর - 24 Ghanta Bangla News
Home

৭০ বছরের নিয়মে বদল, এ বার থেকে নতুন নতুন শহরে বসবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর

Spread the love

দীর্ঘদিনের প্রথায় বড় পরিবর্তন আনতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এত দিন মূলত দেশের রাজধানী দিল্লিতেই আয়োজিত হয়ে এসেছে এই সম্মানজনক পুরস্কার প্রদান অনুষ্ঠান। এ বার সেই নিয়ম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান আর শুধু দিল্লিতে হবে না বলে সিদ্ধান্ত সরকারের। দেশের বিভিন্ন শহরে ঘুরিয়ে-ফিরিয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। মন্ত্রকের বক্তব্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে দেশের রাজধানীর গণ্ডি থেকে বের করে ভারতের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। এ বছর ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান হবে গুজরাটের একতা নগরে। আগামী ২২ সেপ্টেম্বর হবে অনুষ্ঠান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে এ বারের অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ। সাত দশকেরও বেশি সময় ধরে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন হতো দিল্লিতেই। এ বার প্রথমবার রাজধানীর বাইরে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় পুরস্কারের মূল অনুষ্ঠান।

গুজরাটের একতা নগরে ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র কাছেই তৈরি হচ্ছে অনুষ্ঠানের বিশেষ মঞ্চ। প্রায় ৯২ জন পুরস্কারপ্রাপককে সম্মানিত করার প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে বিজয়ীদের পুরস্কার তুলে দেবেন। এই উদ্যোগকে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ ভাবনার সঙ্গে যুক্ত করা হয়েছে।

এ বারের অনুষ্ঠান গুজরাটে হচ্ছে মানেই, আগামী বছরেও একই জায়গায় হবে তার কোনও মানে নেই। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান এ বার থেকে দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *