সুজিতকে মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ, ছাড়লেন সহ-সভাপতির পদ
এই সময়, পাঁশকুড়া: চারটি মামলায় জামিন পেয়ে গত শনিবার মেচগ্রামে বাড়িতে ফিরেছেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তথা পাঁশকুড়া-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিতকুমার রায়। জামিনের শর্ত আনুযায়ী সোমবার রাতে পাঁশকুড়া থানায় হাজিরা দিয়ে ফেরার পথে জনরোষের মুখে পড়েন তিনি। মারধরের পাশাপাশি সুজিতের গাড়িতে ভাঙচুর চালানো হয়। এমনকী গাড়িটি জলাশয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই নিয়ে পাঁশকুড়া থানায় কোনও অভিযোগ দায়ের করেননি সুজিত। মঙ্গলবার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির পদ থেকেও তিনি পদত্যাগ করেন।