ডেরেককে ফের জিজ্ঞাসাবাদ, বহুতল মালিক হাইকোর্টে - 24 Ghanta Bangla News
Home

ডেরেককে ফের জিজ্ঞাসাবাদ, বহুতল মালিক হাইকোর্টে

Spread the love

এই সময়: ক্যামাক স্ট্রিটের বহুতলে তৃণমূলের অফিসে বিল বোর্ড টাঙানোকে কেন্দ্র করে ঝামেলার তদন্তে দ্বিতীয় দফায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এ দিন টানা প্রায় ছ’ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। গত ২৭ অগস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের বিল বোর্ড পুলিশ–পুরকর্মীরা খুলতে গেলে গোলমাল বাধে।

পুলিশ ও পুরসভার অফিসারদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের নেতা–কর্মীদের একাংশের বিরুদ্ধে। ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডেরেক। এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি মামলা দায়ের হয়। সেই মামলায় অভিষেক, তাঁর পিএ সুমিত রায় এবং কালীঘাট–তৃণমূলের আইনজীবী–নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আগে একবার জিজ্ঞাসাবাদ করা হয় ডেরেককেও। তবে, বেশকিছু প্রশ্নের সদুত্তর না মেলায় ফের তাঁকে ডেকে পাঠানো হয় বলে দাবি পুলিশের।

লালবাজার সূত্রে খবর, ঘটনার দিন ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কার নির্দেশে পুলিশ ও পুরকর্মীদের বাধা দেওয়া হয় এবং উত্তেজনার নেপথ্যে সুনির্দিষ্ট কোনও নির্দেশ ছিল কি না— সে বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়ছে রাজ্যসভার সাংসদকে। গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটির ভিডিয়োগ্রাফি করা হয়েছে। আজ, বুধবার এই মামলায় তলব করা হয়েছে ডেবরার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীরকে।

আবার, এ দিনই কালীঘাট তৃণমূূলের কংগ্রেসের লিজ় নেওয়া ক্যামাক স্ট্রিটের সংশ্লিষ্ট বহুতলের মালিক মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। ওই বাড়িতে এখনই আর হস্তক্ষেপ না করা নিয়ে নিম্ন আদালতের দেওয়া অন্তর্বতিকালীন স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মালিক। মামলা দায়ের হয়েছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। চলতি সপ্তাহেই মামলাটি শুনানির সম্ভাবনা। এর আগে ওই বাড়ির সাত ও আটতলা এবং বেসমেন্ট খালি করার যে নোটিস দমকল দিয়েছে, তা চ্যালেঞ্জ করে পৃথক মামলা দায়ের করেছেন বাড়ির মালিক। সেই মামলার শুনানিও চলতি সপ্তাহে ভিন্ন এজলাসে হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *