চ্যাম্পিয়ন্স লিগ: এমবাপেকে নিয়ে খোঁচা ইয়ামালের
এই সময়: বিশ্বকাপ যখন সবে শুরু হয়েছে, সেই সময়ে প্রায় সবার অলক্ষ্যে পালাবদল হয়ে গিয়েছিল ডাচ ক্লাব ফেনুর্ডে। রবিন ফান পার্সির বদলে কোচ করা হয়েছে জিওভানি ফান ব্রঙ্কহর্স্টকে।
এই শতাব্দীর গোড়ার দিকে যে সময়ে বার্সেলোনায় ছিলেন ডাচ কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড, সেই সময়ে বার্সায় খেলেছিলেন ব্রঙ্কহর্স্ট। রোনাল্দিনহো, লিও মেসি, থিয়েরি অঁরিদের সঙ্গে দাপটে খেলেছেন কাতালুনিয়ান ক্লাবে। ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিলেন ব্রঙ্কহর্স্ট।
বার্সেলোনা এই মুহূর্তে দারুণ ছন্দে। লা লিগায় চার ম্যাচে ১৭টা গোল করেছে হান্সি ফ্লিকের টিম। এখনও পর্যন্ত রাফিনিয়া করেছেন ছ’গোল, লামিনে ইয়ামাল করেছেন চার গোল, ফের্মিন লোপেস চার গোল। ম্যাচের আগে প্রেস মিটে এসেছিলেন ইয়ামাল। সেখানে তাঁকে জানানো হয়, পিএসজির উসমান দেম্বেলে তাঁর ব্যালন ডি’ওর ফেভারিটের প্রথম তিনজনের মধ্যে ইয়ামালকে রাখেননি। যা শুনে ইয়ামারে মন্তব্য, ‘উসমান তো কিলিয়ান এমবাপের বন্ধু। তাই না? আমার মরশুমটা দারুণ গিয়েছে। ওদের বিরুদ্ধে খেলার সময়ে এমন খেলেছি, যে জন্য ওরা আমাকে পছন্দ করে না। এমনিতে উসমানের সঙ্গে আমার সম্পর্ক ভালোই।’
গতবারের চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আর্সেনালও নামছে আজ। সামনে ইতালির নাপোলি। গতবার চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড রবিন লিগ পেরোতে পারেনি নাপোলি। আট ম্যাচে চারটে হেরেছিল। এ বারও সিরি এ–তে মোটেই ভালো শুরু করেনি তারা। ইতিমধ্যেই হেরেছে কোমো ও ইন্তার মিলানের বিরুদ্ধে। অন্য দিকে, মিকেল আর্তেতার আর্সেনাল দারুণ ছন্দে। ম্যানচেস্টার সিটি ছাড়া একমাত্র আর্সেনালই প্রিমিয়ার লিগে এখনও তিনটের মধ্যে তিনটে ম্যাচই জিতেছে।
দিয়েগো সিমিয়নের আতলেতিকো মাদ্রিদ আজ অ্যাওয়ে ম্যাচ খেলবে লিভারপুলের বিরুদ্ধে। টানা দু’বারের চ্যাম্পিয়ন পিএসজি খেলবে ব্রাতিস্লাভার বিরুদ্ধে। ফরাসি লিগে তিন ম্যাচে একটিও না জিতে মাত্র দু’পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ১৩ নম্বরে লুইস এনরিকের টিম।