Nadimul Haque: টানা ২৪ ঘণ্টা তৃণমূল সাংসদ নাদিমুলের অফিসে ED-র তল্লাশি, কী কী নিয়ে গেলেন তদন্তকারীরা? | ED Raids TMC MP Nadimul Haque’s Kolkata Office for 24 Hours, Documents Seized in Suspicious Transaction Probe
নাদিমুল হকের অফিসে ইডিImage Credit: Tv9 Bangla
কলকাতা: সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল। টানা ২৪ ঘণ্টা তৃণমূল সাংসদ নাদিমুল হকের (Nadimul Haque)কলকাতার অফিসে তল্লাশি চালাল ইডি (ED)। জানা গিয়েছে, সোমবার দিল্লি থেকে নাদিমুলকে কলকাতায় নিয়ে এসে তল্লাশি অভিযান চালানো হয়। এরপর আজ সকাল সাড়ে ৬টা নাগাদ অফিস থেকে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা।
নাদিমুলের বিরুদ্ধে কী অভিযোগ?
তৃণমূল সাংসদের বিরুদ্ধে বেনামি অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে। তার তদন্তে নেমে সাংসদের পার্ক সার্কাসের আখবার-ই-মশরিক নামক একটি উর্দু সংবাদপত্রের অফিসে হানা দেয় ইডি। উর্দু সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন নাদিমুল হক। সংবাদপত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন, যার কোনও সঙ্গতি পাওয়া যাচ্ছে না, সেই লেনদেনের অভিযোগের তদন্ত করতেই তল্লাশি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার কলকাতা ছাড়া দিল্লি, রাঁচি-সহ সাত ঠিকানায় তল্লাশি চালায় ইডি।
তল্লাশিতে কী পাওয়া গেল?
তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, পার্ক সার্কাসের অফিসে বেশ কিছু নথি খতিয়ে দেখা হয়। তল্লাশি শেষে সেখান থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।
অন্যদিকে, সোমবার দিল্লিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাউথ এভিনিউ সদর দফতরে উপস্থিত হয়েছিলেন ইডি আধিকারিকরা। জানা যায়, ৬১ সাউথ এভিনিউ সাংসদ বাংলোটি রাজ্যসভার সাংসদ হিসাবে নাদিমুল হকের নামে তালিকাভুক্ত। তবে এই বাড়িতে থাকেন না নাদিমুল হক। তাঁর নামে তালিকাভুক্ত বাড়ি বরাবর তৃণমূলের পার্টি অফিস হিসাবে ব্যবহৃত হয়। সেখানেই সোমবার সকালে ১০ টা ৩৯ থেকে তল্লাশি শুরু করেছিল ইডি টিম। প্রায় ১২ ঘণ্টা ধরে তল্লাশি চলে। তৃণমূল সূত্রে খবর, ওই অফিস থেকে একটি পুরনো ফোন, আইপ্যাড, ইলেক্টোরাল রোলের তথ্যসম্বলিত পুরনো হার্ডডিস্ক সঙ্গে নিয়ে গিয়েছে তদন্তকারী অফিসাররা।