Breaking News Live: দামোদর নদী থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মর্টার সেল উদ্ধার
দিল্লির সত্য নিকেতনের বাড়ি ভাঙার ঘটনায় ১৪ দিনের জেল হেফাজত বাড়ি মালিকের
দিল্লির সত্য নিকেতনে ছয়তলা বিল্ডিং ধসে পড়ার ঘটনায় গ্রেপ্তার বাড়ি মালিক হরিরাম গুপ্তা, তাঁর স্ত্রী উর্মিলা ও ছেলে মহেশ। এই ঘটনায় হরিরাম ও উর্মিলার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ। অন্যদিকে, তাঁদের ছেলে মহেশকে দু’দিনের জন্য পুলিশ কাস্টডিতে পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, বাড়িটির বিদ্যুৎ সংযোগ হরিরাম গুপ্তের নামে ছিল এবং তাঁর ছেলে পুরো পিজি ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন। সম্পত্তিটি হরিরামের স্ত্রী উর্মিলা গুপ্তের নামে রেজিস্ট্রি করা ছিল। গত ৬ সেপ্টেম্বর সত্য নিকেতনে ওই বাড়ি ধসে সাতজনের মৃত্যু হয়।
দক্ষিণবঙ্গে তিন জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি উত্তর-পূর্ব বিহারে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে মঙ্গলবার পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি—এই তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
সোনামুখীর দামোদর নদী থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মর্টার সেল উদ্ধার
বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের অন্তর্গত ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি সংলগ্ন দামোদর নদী থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টার শেল । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে সাময়িক চাঞ্চল্য তৈরি হয়েছে । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ও প্রশাসন।