Bigg Boss Bangla: গালিগালাজের অভিযোগ থেকে স্ত্রীর প্রসঙ্গ! জয়িতাকে ‘অপদার্থ’ বলে ক্ষোভে ফেটে পড়লেন দুর্নিবার | Bigg Boss Bangla 3: High Drama as Joyita Confronts Durnibar Over Abusive Language Following Sohini’s Claim
বিগ বস বাংলা (Bigg Boss Bangla)–র ঘরে সম্পর্কের সমীকরণ প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আর সেই আগুনে এবার নতুন করে ঘি পড়ল সোহিনী পালের মন্তব্যে। পরিবেশ এক লহমায় অশান্ত হয়ে উঠল তাঁরই একটি মন্তব্যে। সোহিনী জয়িতাকে বলেন, দুর্নিবারের সঙ্গে তাঁর নাকি এখন একেবারেই বনিবনা হচ্ছে না। শুধু তাই নয়, সোহিনী দাবি করেন, দুর্নিবার নাকি জয়িতাকে উদ্দেশ্য করে খুব খারাপ শব্দ বা গালিগালাজ করেছেন। তবে সোহিনী এ-ও বারবার মনে করিয়ে দেন, তিনি নিজে কিন্তু পুরোপুরি নিশ্চিত নন। তাঁর কেবল মনে হয়েছে, কথাগুলো জয়িতাকে লক্ষ্য করেই বলা।
ব্যস, এই কথা কানে যেতেই চুপ থাকতে পারেননি জয়িতা। তিনি সটান চলে আসেন মূল ঘরের মাঝখানে। ঘরের বাকি সব সদস্যকে ডেকে স্পষ্ট জানতে চান, “দুর্নিবার আমাকে গালি দিয়েছে, তোমরা কেউ শুনেছ?”
জয়িতার এই প্রশ্নে সঙ্গে সঙ্গে মুখ খোলেন সোনামণি। তিনি পরিষ্কার বলেন, “তোমাকে তো ডিরেক্ট বলেনি, তুমি এত গায়ে মাখছ কেন?” উত্তরে জয়িতা জানান, দুর্নিবার তাঁকে সরাসরি বলেননি বলেই তিনিও মুখে কিছু বলছেন না, শুধু বাকিদের কাছে সত্যিটা যাচাই করতে চাইছেন।
কিন্তু ঘটনা এত সহজে মেটার ছিল না। ঘরে থাকা রাজবীর-সহ অনেকেই জয়িতাকে বলেন, মনে সন্দেহ পুষে না রেখে দুর্নিবারকে সরাসরি গিয়ে জিজ্ঞেস করাই ভালো। সেই পরামর্শ পেয়ে জয়িতা মুখের ওপর দুর্নিবারকে প্রশ্ন করেন, “তুমি কি আমাকে গালাগালি দিয়েছ?”
প্রথমটায় দুর্নিবার সাফ জানিয়ে দেন, তিনি এমন কিছুই করেননি। পাশ থেকে রাজবীর জয়িতাকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে বোঝান, “অডিয়েন্স তো দেখছে, ক্যামেরা তো অন। দুর্নিবার যদি মিথ্যে কথা বলে, তাহলে ও অডিয়েন্সের কাছে ছোট হয়ে যাবে। তোমার মন তো পরিষ্কার, খেলাটা বোঝো।”
কিন্তু তাতেও পরিস্থিতি এতটুকু ঠান্ডা হয়নি। জয়িতা থামেননি। ঠিক এর পরেই দুর্নিবার বলেন, “আমি গালাগালি দিয়েছি, কিন্তু আমি তো জয়িতার নাম করিনি!” কথা কাটাকাটির ঠিক ওই মুহূর্তেই দুর্নিবারের স্ত্রীর প্রসঙ্গ টেনে আনেন জয়িতা। ব্যক্তিগত জীবনের কথা এভাবে সামনে আসতেই চরম রেগে যান দুর্নিবার, জয়িতা কে ‘অপদার্থ’ বলে সেখান থেকে বেরিয়ে যান গায়ক। পুরো ঘরে ছড়িয়ে পড়ে তীব্র বিরক্তি।