Bageshwar Dham: বাগেশ্বর ধামে যাবেন কীভাবে? জেনে নিন রুট ম্যাপ | Bageshwar dham how to reach route map travel guide
কারও মুখের দিকে তাকিয়েই অতীত ও ভবিষ্যৎ বলে দেওয়া, না খুলে খামের গোপন তথ্য প্রকাশ করা কিংবা স্রেফ আশীর্বাদেই দুরারোগ্য ব্যাধি নিরাময়ের দাবি—নেটদুনিয়ায় চোখ রাখলেই ‘বাগেশ্বর বাবা’ ওরফে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর একের পর এক চমকপ্রদ ভিডিও নজরে আসে।
সম্প্রতি সর্বজনীন উৎসব দুর্গাপূজা নিয়ে এক বিতর্কিত মন্তব্য পেশ করে ফের চর্চার কেন্দ্রে উঠে এসেছেন এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব। নবরাত্রি ও দুর্গোৎসবের দিনগুলোতে আমিষ খাবার তৈরি সম্পূর্ণ বন্ধ রাখার পরামর্শ দিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছেন তিনি।
বিতর্ক যাই থাক, ভক্তকুলে বাগেশ্বর বাবার জনপ্রিয়তা নেহাত কম নয়। মধ্যপ্রদেশের ছতারপুরে অবস্থিত তাঁর ‘বাগেশ্বর ধাম’-এ প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান দৈব আশীর্বাদ গ্রহণ কিংবা মানসিক শান্তির খোঁজে। কিন্তু কীভাবে পৌঁছনো যায় বহুল চর্চিত এই ধামে? রইল তার পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড ও রুট ম্যাপ।
বাগেশ্বর ধাম কোথায় অবস্থিত?
মধ্যপ্রদেশের ছতারপুর জেলার গড়া (Gada) গ্রামে অবস্থিত এই বিখ্যাত ধর্মীয়স্থল। এখানকার প্রধান আধ্যাত্মিক গুরু পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা, যাকে ভক্তরা শ্রদ্ধার সঙ্গে ‘বাগেশ্বর ধাম সরকার’ নামেও ডাকেন। ভক্তদের বিশ্বাস, তাঁর সান্নিধ্যে ও দিব্য দরবারে সমস্যার সমাধান মেলে।
দিল্লি থেকে বাগেশ্বর ধামের সড়কপথের দূরত্ব প্রায় ৬৭০ কিলোমিটার। গাড়িতে বা বাসে পৌঁছতে সময় লাগে ১২ থেকে ১৬ ঘণ্টা।
১. রেলপথ
বাগেশ্বর ধামে সরাসরি কোনও রেলস্টেশন নেই। নিকটবর্তী স্টেশনগুলোতে নেমে সড়কপথে যেতে হয়। দিল্লি থেকে ছেড়ে যাওয়া প্রধান ট্রেনগুলো হল–
খাজুরাহো এক্সপ্রেস, ইউপি সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, বুন্দেলখণ্ড এক্সপ্রেস। নিকটবর্তী স্টেশন খাজুরাহো স্টেশন, ছতারপুর স্টেশন, সাতনা স্টেশন, (স্টেশন থেকে লোকাল অটো, শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট ক্যাব পাওয়া যায়।)
২. সড়কপথ (গাড়ি বা বাস)
নিজস্ব গাড়ি বা ট্যাক্সিতে দুটি প্রধান রুট ব্যবহার করা যায়:
রুট ১: দিল্লি-আগ্রা- গোওয়ালিয়র-ঝাঁসি- ছতারপুর- বাগেশ্বর ধাম।
রুট ২: দিল্লি-আগ্রা-ইটাওয়া- কানপুর-ছতারপুর-বাগেশ্বর ধাম।
দিল্লির আনন্দ বিহার বা সরাই কালে খাঁ বাস টার্মিনাস থেকে ছতারপুর বা খাজুরাহোর সরাসরি সরকারি ও বেসরকারি বাস পাওয়া যায় (সময় লাগে ১৪-১৬ ঘণ্টা)।

পরিবার বা বড় দলের সঙ্গে ভ্রমণের জন্য দিল্লি থেকে সরাসরি ‘টেম্পো ট্রাভেলার’ ভাড়া করা সবচেয়ে সুবিধাজনক ও সাশ্রয়ী।
৩. বিমান
নিকটবর্তী বিমানবন্দর: খাজুরাহো বিমানবন্দর।
দিল্লি থেকে বিমানে সময় লাগে প্রায় ১.৫ ঘণ্টা। বিমানবন্দর থেকে নেমে ট্যাক্সি নিয়ে সহজেই বাগেশ্বর ধামে পৌঁছানো যায়।
পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় টিপস
অগ্রিম বুকিং: ভিড় এড়াতে ছতারপুর বা খাজুরাহো সংলগ্ন অঞ্চলে আগে থেকেই থাকার জন্য হোটেল বা ধর্মশালা বুক করে রাখুন।
নগদ টাকা সঙ্গে রাখুন: গ্রামীণ এলাকা হওয়ায় ডিজিটাল পেমেন্টে সমস্যা হতে পারে, তাই পর্যাপ্ত নগদ টাকা সঙ্গে রাখা জরুরি।
ভ্রমণের সেরা সময়: অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আবহাওয়া মনোরম থাকে, যা দর্শনের জন্য সবচেয়ে উপযুক্ত।