নবমীতে পাঁঠার মাংস খাবেন শমীক, ‘দুর্গা-কালীকে মাংস নিবেদন হয়’, মত মোদীর অর্থনৈতিক উপদেষ্টার
ধীরেন্দ্রকৃষ্ণের এই মন্তব্যের ভিডিয়ো রবিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এই পরিস্থিতিতে সোমবার বিধাননগরে দলীয় সাংবাদিক বৈঠকে এ নিয়ে প্রশ্নের জবাবে শমীক বলেন, ‘বিবেকানন্দ বলে গিয়েছেন, মা কালী এখানে পাঁঠা খাবেন। তাঁর উপরে কে আছেন? এখনও বিবেকানন্দের উপরে সে রকম কাউকে পাওয়া যায়নি। হঠাৎ কেউ তাঁর উপরে উঠে গেলে তো বিপজ্জনক! উনি (বাগেশ্বর) যা বলেছেন, তা ব্যক্তিগত মতামত। উনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। দেশজুড়ে আকাশচুম্বি জনপ্রিয়তা। তিনি আবেদন করেছেন। করতেই পারেন।’ শমীকের কথায়, ‘নবমীর দিন বাঙালি সাধারণত পাঁঠার মাংস খায়। অষ্টমীর দিন লুচি খায়। সেটাই খাবে। আমার তো বউ নেই, মা–বাবাও উপরে চলে গিয়েছেন। নইলে ওই দিন (আপনাদের) আমন্ত্রণ করে কচি পাঁঠার মাংস খাওয়াতাম। যদি আপনারা ডাকেন, আমি খেতে যাব। সঙ্গে অনেক বিজেপি কর্মীও যাবেন।’