নতুন জাহাজ কারখানার শিলান্যাস কুকড়াহাটিতে, ২০০ কোটি টাকা বিনিয়োগ - 24 Ghanta Bangla News
Home

নতুন জাহাজ কারখানার শিলান্যাস কুকড়াহাটিতে, ২০০ কোটি টাকা বিনিয়োগ

Spread the love

এই সময়, হলদিয়া: হুগলি নদীর ধারে পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি এলাকার মতিরামপুরে জাহাজ তৈরি এবং মেরামতির নতুন কারখানার পথচলা শুরু হলো। হলদিয়ার বিধায়ক প্রদীপকুমার বিজলী সোমবার প্রকল্পের শিলান্যাস করেন। ‘সি মেলোডি শিপ ইয়ার্ড’ নামে একটি বেসরকারি সংস্থা ২০০ কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্প গড়ে তুলতে চলেছে। ফলে প্রকল্প ঘিরে কর্মসংস্থানের নতুন ঠিকানা হতে চলেছে কুকড়াহাটি।

বিধায়ক বলেন, ‘কুকড়াহাটিতে জাহাজ নির্মাণ এবং মেরামতির কারখানা গড়ে উঠতে চলেছে। এটা আমাদের কাছে খুশির খবর। এই কারখানাকে ঘিরে আরও বেশ কিছু ছোটখাটো শিল্প গড়ে উঠবে। দোকানপাট বসবে। সব মিলিয়ে মানুষের কাজের সুযোগ তৈরি হবে।’

জানা গিয়েছে, এক বছর আগে এই প্রকল্প গড়তে এগিয়ে আসে শিল্প সংস্থাটি। সেই সময়ে রাজ্যে ক্ষমতাসীন ছিল তৃণমূল। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুমন ভট্টাচার্য বলেন, ‘তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে নানা রকম চাপের কারণে আমরা এগোতে পারিনি। পূর্ব ভারতে এটি একটি ড্রিম প্রজেক্ট।

প্রচুর মানুষের কর্মসংস্থান হবে এখানে।’ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১২ একর জায়গা জুড়ে গড়ে উঠছে এই প্রকল্প। থাকছে ড্রাই ডক। বছরে চার থেকে ছ’টি জাহাজ নির্মাণের টার্গেট রয়েছে। সংস্থার ম্যানেজার পিন্টু হালদার বলেন, ‘এখন পরিকাঠামো তৈরির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে ছয় মাস পরে মতিরামপুর কারখানায় জাহাজ তৈরি শুরু হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *