SC on TMC: ‘আপনারা যখন কোর্টের দ্বারস্থ হয়েছেন ততক্ষণে বোর্ড খোলা হয়ে গেছে’, তৃণমূলের মামলা ফের হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট | Supreme court does not intervene in the case of removing billboards from abhishek banerjees office
সুপ্রিম কোর্টের বিচারপতিরাImage Credit: Tv9 Bangla
কলকাতা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিস থেকে বিলবোর্ড খুলে দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন সুরাহা না মেলায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেই মামলা ফের কলকাতা হাইকোর্টেই (Calcutta High Court) ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতির ভি মোহনার বেঞ্চ এই মামলায় কোনও রকম হস্তক্ষেপই করে নি। যেহেতু এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। তাই এইসব ইস্যু হাইকোর্টে উত্থাপন করার নির্দেশ দিল শীর্ষ আদালত। পাশাপাশি কলকাতা হাইকোর্টকে মামলার দ্রুত নিষ্পত্তি করার নির্দেশও দেওয়া হয়েছে।
এ দিন, শুনানি চলাকালীন তৃণমূল কংগ্রেসের তরফে কপিল সিব্বল বলেন, “ওই বিল্ডিংয়ে তৃণমূল কংগ্রেসের রেজিস্টার্ড অফিস রয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে পার্টির বোর্ড লাগানো হয়েছে। বিনা নোটিসে তা খোলা যায় না। ওই বিল্ডিংয়ে আরও একটি বেসরকারি মিষ্টি সংস্থার অফিস আছে। তাদের বোর্ড খোলা হয়নি।
বিনা নোটিসে কেন বোর্ড খোলা হল? কলকাতা হাইকোর্ট তা জানতে চায়নি।”
তখন প্রধান বিচারপতি বলেন, “দুর্ভাগ্যবশত আপনারা যখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ততক্ষণে বোর্ড খোলা হয়ে গিয়েছে। যেহেতু এখন হাইকোর্টে এই মামলা বিচারাধীন তাই আপনাদের হাইকোর্টে যেতে হবে।” অন্যদিকে, বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা হাইকোর্টকে অনুরোধ করতে পারি এই মামলার দ্রুত নিষ্পত্তি করতে।” অপরদিকে, প্রধান বিচারপতি বলেন, “কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়েছে। মামলার মূল বিষয় এখনও খতিয়ে দেখা হয়নি। আপনারা সব বিষয় কলকাতা হাইকোর্টে উত্থাপন করুন। কলকাতা হাইকোর্টকে দ্রুত নিষ্পত্তি করতে হবে।”