শিয়ালের সঙ্গে ধাক্কা মোটরবাইকের, প্রাণ হারালেন গৃহশিক্ষক
এই সময়, খণ্ডঘোষ: শিক্ষক দিবসের আগের রাতে বিরল দুর্ঘটনায় মৃত্যু হলো এক গৃহশিক্ষকের। জানা গিয়েছে, শুক্রবার রাতে খণ্ডঘোষ ব্লকের সগড়াই বাজারের দিক থেকে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন অমিতকুমার কোলে নাম এক যুবক। রাত সাড়ে ১০টা নাগাদ নাড়ুগ্রাম বাসস্টপের একটু আগে আচমকাই একটি শেয়াল রাস্তা পেরতে গিয়ে তাঁর মোটরবাইকের নীচে ঢুকে পড়ে। রাস্তায় পড়ে যান অমিত। অত রাতে রাস্তায় সে ভাবে লোকজনও ছিলেন না। কিছু সময় পরে স্থানীয় কয়েক জন তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে রায়না থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অমিতকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বছর ৩৪-এর অমিতকে সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ জানিয়েছে, রায়না-১ ব্লকের নারুগ্রাম পঞ্চায়েতের ভীমপুর গ্রামে অমিতের বাড়ি। রায়না থানার এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘বাইক চালানোর সময়ে ওঁর মাথায় হেলমেট ছিল, সেটা সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে। দুর্ঘটনার পরে কোনও ভাবে মাথা থেকে হেলমেট খুলে পড়ে যায়। সম্ভবত মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই মৃত্যু হয়েছে।’
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই গৃহশিক্ষকতা করছিলেন অমিত। বিভিন্ন এলাকায় গিয়ে তিনি পড়াতেন। শুক্রবার রাতে পড়িয়েই মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। দুর্ঘটনায় তাঁর অকাল মৃত্যুতে শনিবার শিক্ষক দিবসের দিনে অন্ধকার নেমে আসে এলাকায়। এ দিন সকালে ময়না তদন্তের পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অনেকেই এ দিন অমিতের দেহ গ্রামে পৌঁছনোর পরে তাঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান।