ফুরফুরে মেজাজে সম্মানের ডার্বি, কাল দুই প্রধানের লড়াই দেখতে প্রস্তুত বারাসত
ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটো টিমই গ্রুপ লিগ থেকে সুপার সিক্সে উঠে গিয়েছে অনেক আগেই। তাই এই ম্যাচে হারা–জেতায় দুই টিমেরই কোনও লাভ–ক্ষতি হবে না। অর্চিস্মান বিশ্বাসের ইস্টবেঙ্গল টিমের মোটিভেশনের সামান্য একটা জায়গা আছে। সেটা হলো লাল হলুদ ব্রিগেড গ্রুপ লিগে এখনও হারেনি। টেবলে দুইয়ে আছে তারা। ডার্বি জিতলে তারা ভবানীপুরকে পিছনে ফেলে অপরাজিতভাবে গ্রুপের ফার্স্ট বয় হবে। বাস্তব রায়ের মোহনবাগান জিতলেও গ্রুপের তিন নম্বরেই থাকবে। শীর্ষে উঠলেও ইস্টবেঙ্গলের তাতে কোনও লাভ নেই। কারণ গ্রুপ পর্যায়ের প্রাপ্ত পয়েন্ট কোনও কাজেই আসবে না। কারণ গ্রুপ লিগের পয়েন্ট ক্যারি ফরোয়ার্ড হবে না সুপার সিক্সে।
নামেই সুপার সিক্স। কিন্তু লিগ ফয়সালায় আইএফএ–র ফর্ম্যাটটা বড় অদ্ভুত। সুপার সিক্স মানে, একে অপরের বিরুদ্ধে খেলবে। মানে পাঁচটা করে ম্যাচ খেলার কথা সব টিমের। সেখানে যে পয়েন্টে এগিয়ে থাকবে, সেই চ্যাম্পিয়ন। কিন্তু কলকাতা লিগের সুপার সিক্সে প্রতি টিম খেলবে তিনটে ম্যাচ। ‘এ’ গ্রুপের প্রথম তিনে থেকে উঠেছে ভবানীপুর, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সুপার সিক্সে তারা খেলবে ‘বি’ গ্রুপ থেকে ওঠা কোল ইন্ডিয়া, মহামেডান ও ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। অর্থাৎ সুপার সিক্সে ইস্ট–মোহন লড়াইয়ের কোনও জায়গাই নেই। সে ক্ষেত্রে চ্যাম্পিয়ন হতে ৬ টিমের কাছে তিনটে ম্যাচই হবে কার্যত নক আউটের। ৭ থেকে ৯ পয়েন্টেই হবে চ্যাম্পিয়নশিপ ফয়সালা। এই অঙ্কে কোথাও থাকছে না সোমবারের ডার্বির জয়–পরাজয়ের হিসেব। তাই এই ডার্বিতে দুই প্রধানই ভারমুক্ত।