বাংলার মন্ত্রীদের সঙ্গেও সরাসরি বৈঠকে মোদী?
এই সময়, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং উচ্চপদস্থ আমলাদের সঙ্গে বৈঠক করে প্রায়ই তাঁদের কাজের খতিয়ান নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রতিটি মন্ত্রকের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করা হয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে৷ মন্ত্রীদের পারফরম্যান্স ইভ্যালুয়েশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ‘কাউন্সিল অফ মিনিস্টার্স’দের বৈঠকের৷ এই প্রচলিত রীতির বাইরে গিয়ে এ বার থেকে পশ্চিমবঙ্গ–সহ বিজেপি শাসিত সব রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে, দাবি সরকারি সূত্রের৷ বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেমন চলছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ, কোথায় সমস্যা হচ্ছে, মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে এ সব খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী৷ ২০৪৭–এ স্বাধীনতার শতবর্ষের আগে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে উন্নয়নমুখী প্রকল্পে গতি আনাই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য৷