ফাঁসিই চাই! ইয়াসিনের আর্জিকে ‘নাটক’ বলছেন নিহতদের পরিবার
এই সময়: ১৯৯০–এ কাশ্মীরি পণ্ডিত পরিবারের নার্স সরলা ভাট অপহরণ ও খুনের ঘটনায় তাঁর কোনও যোগ নেই, তবুও তিনি শুনানিতে নিজের পক্ষে সওয়াল করবেন না, বরং আদালতের কাছে মৃত্যুদণ্ডই চাইছেন— শ্রীনগরের স্পেশাল টাডা কোর্টে এমনটাই জানালেন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)–এর প্রধান ইয়াসিন মালিক! ইয়াসিনের এই পদক্ষেপ নিয়ে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে। জেকেএলএফের হিংসার শিকার যে পরিবারগুলো, তাদের অবশ্য দাবি— এটা ইয়াসিনের পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই নয়!১৯৯০ সালের এপ্রিলে ‘শের–ই–কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সস’–এর নার্স সরলা ভাটকে অপহরণ করে খুন করা হয়। ৩৬ বছর পরে, ২০২৬–এর জুনে এই মামলায় চার্জশিট পেশ করেছে রাজ্যের তদন্তকারী দল (এসআইএ)। চার্জশিটে ষড়যন্ত্রকারী হিসেবে ইয়াসিনের নাম রয়েছে। এর প্রেক্ষিতে টাডা কোর্টে ২৫ পাতার হলফনামা জমা দেন ইয়াসিন। বক্তব্য, তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হচ্ছে বলেই চার্জশিট পেশ করতে এতদিন লাগল! ইয়াসিনের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর নাম জড়ানো হয়েছে, আর তাই এই মামলায় সওয়াল করবেন না তিনি, বরং তাঁকে মৃত্যুদণ্ডই দিক আদালত। শুধু তাই নয়, হলফনামায় নিজের পাকিস্তানি স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথাও উল্লেখ করেছেন ইয়াসিন। যুক্তি হিসেবে বলেছেন, ‘চাই না আমার স্ত্রী বিধবার জীবন কাটাক।’