'সবুজ মাস্টার'–এর হাত ধরে প্রকৃতির পাঠ - 24 Ghanta Bangla News
Home

‘সবুজ মাস্টার’–এর হাত ধরে প্রকৃতির পাঠ

Spread the love

মোহিত দাস, বাঁকুড়া

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা নয়, বরং জীবন ও প্রকৃতিকে গভীর ভাবে ভালোবাসতে শেখানো— এই ভাবনাকেই নিজের ব্রত করে নিয়েছেন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাট-আশুড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিক্ষক অজয় মাইতি। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ধনবেড়িয়া গ্রামের এই যুবক হলদিয়া সরকারি মহাবিদ্যালয় থেকে গোল্ড মেডেল পেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০০৮-এ হাট-আশুড়িয়া উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি বিদ্যালয় চত্বরকে সবুজ উদ্যানে রূপান্তরিত করার কাজ শুরু করেন।

শিক্ষার্থীকে চারা গাছ আর নিজেকে মালী ভাবতে ভালোবাসেন এই শিক্ষক। শুরুতে বিদ্যালয়ে হাতে গোনা কয়েকটি গাছ থাকলেও তিনি ছাত্রদের প্রতি রবিবার ডেকে এনে, কাঁচা বাঁশের বেড়া দিয়ে প্রথমে বাগান তৈরি করেন। এর পরে সহকর্মীদের গাছ দত্তক নেওয়ার আহ্বান জানান। সামান্য অর্থের বিনিময়ে শিক্ষকরা গাছ দত্তক নেন এবং প্রতিটি গাছে ঝোলানো হয় তাঁদের নাম। বর্তমানে এই বিদ্যালয়ে রয়েছে ভেষজ উদ্যান, মাশরুম চাষের ব্যবস্থা এবং এমন এক জলবাগান, যেখানে রয়েছে পদ্ম, জলগোলাপ ও রঙিন মাছের আনাগোনা। এ ছাড়া ‘এসো সবুজ করি’ সংস্থার সহায়তায় অরণ্য সপ্তাহে চারা বিলি করার পাশাপাশি শুশুনিয়া পাহাড় বা রাস্তার ধারের গাছে পেরেক ঠোকা ও ব্যানার মারার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *