‘মার্কেটিং করছেন...’ নেপালে মানুষের পাশে দাঁড়িয়েও কটাক্ষের শিকার সোনু, দিলেন জবাবও - 24 Ghanta Bangla News
Home

‘মার্কেটিং করছেন…’ নেপালে মানুষের পাশে দাঁড়িয়েও কটাক্ষের শিকার সোনু, দিলেন জবাবও

Spread the love

নেপালের ভয়াবহ বন্যা ও হড়পায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে সরাসরি সেখানে পৌঁছেছেন অভিনেতা সোনু সুদ। করোনা অতিমারির সময় থেকেই মানুষের পাশে দাঁড়ানোর কাজের জন্য পরিচিত এই অভিনেতা এ বার নেপালের বন্যাবিধ্বস্ত এলাকায় গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করছেন। তবে তাঁর এই উদ্যোগ নিয়েও উঠেছে ‘মার্কেটিং’-এর অভিযোগ। আর সেই কটাক্ষেরই জবাব দিয়েছেন সোনু।

সম্প্রতি সাংবাদিক অজিত অঞ্জুম সোশ্যাল মিডিয়ায় সোনু সুদের নেপাল সফর নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য ছিল, নেপালে পৌঁছনোর পর থেকেই সোনুকে নিয়ে এমন প্রচার শুরু হয়েছে যেন তিনি সেখানকার শিশুদের ‘অভিভাবক’ হয়ে উঠেছেন। এমনকী, ত্রাণকাজ শুরু হওয়ার আগেই সোনুকে ‘ভগবান’ হিসেবে তুলে ধরার চেষ্টা এবং অতিরিক্ত প্রচার চলছে বলেও কটাক্ষ করেন ওই সাংবাদিক।

সোনু অবশ্য সেই মন্তব্যের পাল্টা আক্রমণাত্মক কোনও উত্তর দেননি। বরং অত্যন্ত শান্তভাবে সাংবাদিককে উদ্দেশ করে লেখেন, ‘আপনি একজন ভালো মানুষ, ভাই! নেপালে আসুন। দুই ভাই একসঙ্গে কাজ করব।’ তাঁর উত্তর ইতিমধ্যেই নজর কেড়েছে।

নেপালে পৌঁছে সোনু সুদ শুধু ত্রাণসামগ্রী বিতরণ করেই থেমে থাকেননি, দুর্গত এলাকাগুলি ঘুরে পরিস্থিতি নিজের চোখে দেখেছেন। বন্যায় ক্ষয়ক্ষতির ভয়াবহতা দেখে তিনি একাধিক ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। একটি ভিডিয়োয় তাঁকে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখতে দেখা যায়। সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা কতটা ভয়াবহ, তা তুলে ধরেন অভিনেতা। তাঁর কথায়, বন্যার জলের প্রভাব এমন জায়গাতেও পৌঁছেছে, যা কয়েকতলা বাড়ির সমান উঁচু।

পরে ত্রিশূলী নদীর কাছ থেকেও ছবি শেয়ার করেন সোনু। সেই পোস্টে তিনি জানান, ভয়াবহ বন্যা শুধু ঘরবাড়িই ভাঙেনি, বহু পরিবারের জীবনও ওলটপালট করে দিয়েছে। এই কঠিন সময়ে নেপাল একা নয় এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *