Homemade turmeric powder: বাজারের হলুদ গুঁড়োয় বিষ! বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন খাঁটি মশলা, শুধু এই কায়দাটা করুন | How to Make Pure Turmeric Powder at Home: Easy Step by Step Guide
হলুদ গুঁড়ো (Turmeric Powder) ছাড়া আমাদের হেঁশেলের রান্না কার্যত ভাবাই যায় না। ডাল থেকে তরকারি, রং আর চমৎকার স্বাদের জন্য এক চিমটে হলুদ দেওয়া চাই-ই চাই। তাছাড়া চোট-আঘাতে বা সর্দিকাশিতে এই ভেষজ উপাদানের গুণের কথা সকলেরই জানা। কিন্তু রান্না করতে গিয়ে যে প্যাকেটজাত হলুদ কড়াইয়ে দিচ্ছেন, সেটা কি সত্যিই খাঁটি? নাকি রোজ খাবারের সঙ্গে পেটে যাচ্ছে মারাত্মক বিষ?
সাম্প্রতিক নানা সমীক্ষায় উঠে এসেছে এক ভয়ঙ্কর সত্য। বাজারচলতি হলুদ গুঁড়োয় দেদার মেশানো হচ্ছে খড়িমাটি, ভুয়ো গুঁড়ো, স্টার্চ আর হলুদ মাটি। শুধু তাই নয়, হলুদের রং উজ্জ্বল ও চটকদার করতে ব্যবহার করা হচ্ছে লেড ক্রোমেট আর মেটানিল ইয়েলোর মতো অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক। এই ভেজাল উপাদানগুলো নিয়মিত পেটে গেলে লিভার ও কিডনির ক্ষতি হতে পারে, দেখা দিতে পারে পেটের নানা রোগ। বাজার থেকে কিনে আনা হলুদ নিয়ে এই অনিশ্চয়তায় না ভুগে সবচেয়ে ভালো উপায় হল নিজেই তা বানিয়ে নেওয়া। সামান্য একটু সময় দিলে একদম খাঁটি মশলা তৈরি করা সম্ভব।
কীভাবে বানাবেন খাঁটি হলুদ গুঁড়ো?
১. হলুদ পরিষ্কার করা: বাজার থেকে গোটা কাঁচা হলুদ কিনে আনুন। প্রথমে সেগুলি হালকা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর হাত কিংবা ব্রাশ দিয়ে খুব ভালো করে ঘষে সমস্ত কাদা ও ময়লা ধুয়ে ফেলুন।
২. কুচিয়ে নেওয়া: গোটা শক্ত হলুদ কিন্তু মিক্সিতে সহজে গুঁড়ো হতে চায় না। তাই পরিষ্কার করা হলুদ আলুর চিপসের মতো খুব পাতলা করে কেটে বা গ্রেট করে নিন। টুকরো যত পাতলা হবে, হলুদ শুকোবেও তত তাড়াতাড়ি।
৩. শুকিয়ে নেওয়া: বারান্দা বা ছাদে চড়া রোদে পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে হলুদের টুকরোগুলি ছড়িয়ে দিন। অন্তত ৩ থেকে ৫ দিন ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে হলুদ একদম শক্ত ও মচমচে হয়ে যায়। কারও বাড়িতে যদি এয়ার ফ্রায়ার থাকে, তবে ৩ ঘণ্টা রেখেও চটজলদি হলুদ মুচমুচে করে নিতে পারেন।
৪. গুঁড়ো করা: হলুদের টুকরো হাতে ভাঙলে যদি মট করে ভেঙে যায়, বুঝবেন তা গুঁড়ো করার জন্য তৈরি। এবার মিক্সার গ্রাইন্ডারে অল্প অল্প করে দিয়ে কয়েক ধাপে ঘুরিয়ে নিন। একবারে পুরোটা না দিয়ে দুই দফায় পেষাই করলে মিহি গুঁড়ো তৈরি হয়।
সবশেষে চালনি দিয়ে গুঁড়ো ভালো করে চেলে নিয়ে কাচের বা এয়ার টাইট পাত্রে ভরে রেখে দিন। ভিজে হাত বা ভিজে চামচ ছোঁয়াবেন না। সামান্য এই কৌশলে সারা বছর নিশ্চিন্তে মিলবে খাঁটি, সুগন্ধী ও নিরাপদ হলুদ।