ফরাক্কায় লাইন মেরামতিতে বার বার বাধা, উত্তরবঙ্গগামী ট্রেন পরিষেবা কি শনিতেও স্বাভাবিক হবে?
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেল লাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতের মধ্যেই মেরামতির কাজ সেরে শনিবার যাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা হচ্ছে। কিন্তু তা আদৌ সম্ভব কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, রেললাইন মেরামতির কাজ করতে গিয়ে বার বার বাধা-বিপত্তির মুখে পড়তে হচ্ছে রেলের কর্মীদের। ধস নেমেছে কাজ চলাকালীনও।
যদিও শুক্রবার মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু পূর্ব রেলের কর্তাদের সুরেই দাবি করেছেন, শুক্রবার রাত ১২টার মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ঘটনাস্থল ঘুরে দেখে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পরে সাংসদ বলেন, ‘অতি বৃষ্টির ফলে ফরাক্কা স্টেশনের পাশেই আপ রেললাইন পুরোপুরি বসে গিয়েছে। যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা দ্রুত কাজ করছেন। রাত ১২টার মধ্যেই মেরামতি শেষ হবে এবং ট্রেন চলাচল আবার শুরু হবে।’ খগেন জানান, যাত্রী নিরাপত্তার স্বার্থে ট্রেন বাতিল করা ছাড়া আর কোনও উপায় ছিল না।