নোটিসের ৩ মাসের মধ্যে বকেয়া কর না–দিলে বন্ধ হবে পরিষেবা, গাড়ির রোড–ট্যাক্স আদায়ে পদক্ষেপ রাজ্যের
দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে — মালিকদের অবিলম্বে সমস্ত বকেয়া মিটিয়ে গাড়ির কাগজপত্র আপডেট করতে হবে। কেন্দ্রের ‘বাহন’ পোর্টালে অনলাইনেও বকেয়া জমা দিতে পারবেন করদাতারা। এ ছাড়া কাছাকাছি কোনও আরটিও, এআরটিও অফিসেও কর মেটানোর সুযোগ থাকছে। ওই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, তিন মাস পরেও কর বাকি রাখলে কেন্দ্রের ২০২৩–এর বিজ্ঞপ্তি মেনে নির্দিষ্ট গাড়ির নথিপত্রে ‘নট টু বি ট্রানজ়্যাক্টেড’ চিহ্নিত করা হবে। ফলে মালিকানা হস্তান্তর, গাড়ি বিক্রি–সহ যাবতীয় কাজ থমকে যাবে। বকেয়া মেটালে তবেই ছাড়পত্র দেওয়া হবে। দপ্তরের এক কর্তা বলেন, ‘ল এনফোর্সমেন্ট অভিযানের জন্য অপেক্ষা না–করে স্বেচ্ছায় বকেয়া মিটিয়ে দেওয়া উচিত মালিকদের। এতে আইনি জটিলতা এড়ানো যাবে।’