আন্ডার গ্র্যাজুয়েট কোর্স কলকাতা বিশ্ববিদ্যালয়ে? উদ্যোগী কর্তৃপক্ষ
দেশের বিভিন্ন আইসার, বেঙ্গালুরুর আইআইএসসি–র ইন্টিগ্রেটেড কোর্সের ধাঁচে ইউজি–তে ভর্তি হয়ে মাস্টার্স করে বেরোনোর ব্যাপারে আলোচনা শুরু করেছে দেশের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়। এ নিয়ে ফ্যাকাল্টি কাউন্সিলে আলোচনা হয়েছে। কিছু সমস্যা সমাধানের পথ মিলে গেলে উপাচার্য আশুতোষ ঘোষেরও এতে নৈতিক সায় রয়েছে। ফলে ঐতিহাসিক ভাবে এই প্রথম মূল ধারার বিষয়গুলিতে ইউজি পাঠ্যক্রম খোলার ব্যাপারে উদ্যোগী ইউনিভার্সিটি।
ইতিহাস অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বা সরাসরি কোনও বিভাগে আর্টস অথবা সায়েন্সের ইউজি কোর্স পড়ানো হয় না। শুধু আইন, টেকনোলজি এবং ফুড অ্যান্ড নিউট্রিশনে স্নাতক পাঠ্যক্রম রয়েছে বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের মূল পরিকাঠামো এমন ভাবেই তৈরি, যেখানে স্নাতকের পঠনপাঠন পুরোপুরিই অনুমোদিত কলেজগুলির (যেমন স্কটিশ চার্চ, বিদ্যাসাগর কলেজ ইত্যাদি) বিষয়।