UPI Apps: একই মোবাইল নম্বরে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট UPI-তে লিঙ্ক করা যায়? জানুন পুরো নিয়ম | Can Multiple Bank Accounts Be Linked to UPI With the Same Mobile Number? Know the Rules - 24 Ghanta Bangla News
Home

UPI Apps: একই মোবাইল নম্বরে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট UPI-তে লিঙ্ক করা যায়? জানুন পুরো নিয়ম | Can Multiple Bank Accounts Be Linked to UPI With the Same Mobile Number? Know the Rules

Spread the love

কলকাতা : ভারতে ডিজিটাল পেমেন্ট প্রতিদিন বেড়েই চলেছে। চুল কাটা থেকে দুধ কেনা – সর্বত্রই এখন অনলাইন পেমেন্ট। এমনকি বেশ কিছু গণপরিবহনের টিকিটও এখন অনলাইনে কাটা যায়। প্রতিদিন গোটা দেশে কোটি কোটি মানুষ অনলাইন পেমেন্ট ব্যবহার করেন। কিন্তু যাঁদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের মনে মাঝেমাঝে একটি প্রশ্ন ঘুরঘুর করে – একটি মোবাইল নম্বর দিয়ে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই-তে লিঙ্ক করানো যায়?

নিয়ম কী বলছে?

আসলে, এমন কোনও নির্দিষ্ট নিয়ম নেই যে একটি নম্বর থেকে শুধুমাত্র একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টই লিঙ্ক করানো যাবে। আপনার যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ও সবকটি একটি ফোন নম্বর দিয়েই খোলা হয়ে থাকে, তাহলে সেগুলি সবকটিই ইউপিআই-তে লিঙ্ক করানো সম্ভব। ধরে নেওয়া যাক, কারও ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং ৩টিরই ফোন নম্বর এক। তাহলে সেই ব্যক্তি ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টই ইউপিআই-তে যুক্ত করতে পারবেন।

একই মোবাইল নম্বর একাধিক ইউপিআই অ্যাপে খোলা সম্ভব?

উত্তর হল হ্যাঁ, যায়। একটি মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক ইউপিআই অ্যাপে রেজিস্ট্রেশন করা সম্ভব। যেমন, কোনও ব্যক্তি যদি একই সঙ্গে নিজের ফোনে Gpay, PhonePe, BHIM, Paytm, Navi-এর মতো একাধিক ইউপিআই অ্যাপ ব্যবহার করেন, তাহলে তিনি সবকটি একসঙ্গে ব্যবহার করতে পারবেন। তবে এই ক্ষেত্রে তাঁকে সংশ্লিষ্ট ইউপিআই অ্যাপের ভেরিফিকেশন ও অন্যান্য শর্ত পূরণ করতে হয়।

ইউপিআই অ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো না করলে কী করবেন?

ব্যাঙ্কে রেজিস্টার করা মোবাইল নম্বর ও ইউপিআই অ্যাপে ভেরিফাই করা নম্বর এক কিনা, আগে চেক করুন। একই সঙ্গে এই নম্বরের সিম সক্রিয় আছে কী না ও রিচার্জ করা আছে কিনা তাও জানুন। কারণ, আপনার ফোন থেকে ব্যাঙ্ক মেসেজ পাঠিয়ে ভেরিফাই করে। ইউপিআই অ্যাপকে প্রয়োজনীয় পারমিশন দেওয়া হয়েছে কিনা, দেখে নিন।

তাও যদি কিছু শো না করে, তাহলে হতে পারে ইউপিআই অ্যাপে সাময়িক সমস্যা আছে। অনেকক্ষন পরেও যদি সমস্যা না কমে, তাহলে সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে কথা বলুন বা ইউপিআই অ্যাপের অফিশিয়াল সাপোর্ট সিস্টেমের সঙ্গে যোগাযোগ করুন।

সুতরাং, প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই অ্যাপে যোগ করতে গেলে একাধিক মোবাইল নম্বর দরকার নেই। একই মোবাইল নম্বরের সঙ্গে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকলেও আপনি একাধিক ইউপিআই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *