Train Cancellation: নজিরবিহীন! দার্জিলিং মেল সহ উত্তরবঙ্গ যাওয়ার সব ট্রেন বাতিল | North Bengal Train Cancellation: All Trains bound North Bengal Except Uttar banga Express Cancelled due to Landslide in Farakka Route
কলকাতা: উত্তরবঙ্গের যাত্রীদের জন্য খারাপ খবর। বাতিল হয়ে গেল আজ রাতের উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেন। এর জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হবে যাত্রীদের।
রেলের তরফে জানানো হয়েছে, নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে যে ধস নেমেছে, তার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অনেক চেষ্টা করা হলেও, বাধ্য হয়ে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন আজকের জন্য বাতিল করে দেওয়া হল।
জানা গিয়েছে, শুধুমাত্র উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে। বাকি সমস্ত ট্রেন যেমন গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে।
সকাল থেকেই উত্তরবঙ্গমুখী দূরপাল্লার ট্রেনগুলি বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে পরে দেখা যায়, এতগুলি ট্রেন বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সমস্ত ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-মালদহ টাউন গৌর এক্সপ্রেস, শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস বাতিল হয়েছে। আগামিকালের জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সাহিবগঞ্জ-মালদহ টাউন মেমু এবং মালদহ টাউন-সাহিবগঞ্জ মেমু আজকের জন্য বাতিল করে দেওয়া হয়েছে।
আজ উত্তরবঙ্গগামী একটিমাত্র ট্রেনই চলছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস বন্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা রুট দিয়ে ঘুরে যাবে। ট্রেনের এই দুর্ভোগ আগামী দুই থেকে তিনদিন থাকবে বলেও আশঙ্কিত পূর্ব রেলের কর্তারা।