Bombay Creamery: ১০ টাকার ধামাকা মুকেশ অম্বানীর! Campa-র পর এবার আসছে নিজস্ব আইসক্রিমের ব্রান্ড | 10 Rs Magic by Mukesh Ambani, After Campa’s Success, Reliance Enters Ice Cream Market with Bombay Creamery, Ice Cream Starts at 10 rs
বাজারে আসছে বম্বে ক্রিমারি।Image Credit: Chatgpt
মুম্বই: ফের ধামাকা অম্বানীদের। ক্যাম্পা কোলার সাফল্যের পর এবার ভারতের আইসক্রিমের বাজারে পা রাখতে চলেছেন মুকেশ অম্বানী। সকলকে চমকে দিয়ে নতুন আইসক্রিম ব্রান্ড লঞ্চ করা হল। এর নাম বম্বে ক্রিমারি ( Bombay Creamery)। অম্বানীদের আইসক্রিম, দাম অনেক হবে নিশ্চয়ই? একদমই নয়। নতুন এই ব্রান্ডের আইসক্রিমের দাম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে।
চেনা ফর্মূলা-
রিলায়েন্সের সফল পরীক্ষিত ফর্মুলাতেই বাজারে আত্মপ্রকাশ করছে বম্বে ক্রিমারি। ফ্রি-তে জিয়োর ইন্টারনেট থেকে শুরু করে মাত্র ১০ টাকায় ক্যাম্পা কোলা দিয়ে কোল্ড ড্রিঙ্কসের বাজার যেমন সহজেই দখল করে নিয়েছে রিলায়েন্স সংস্থা, ঠিক একইভাবে বম্বে ক্রিমারির স্ট্রাটেজিও তৈরি করা হয়েছে।
কত দাম আইসক্রিমের?
বম্বে ক্রিমারির আইসক্রিমের দাম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে। কাপ, কোন ও স্টিক- সবই পাওয়া যাবে মাত্র ১০ টাকা থেকে।
প্রতিযোগীদের টেক্কা-
বর্তমানে ভারতে বম্বে ক্রিমারির প্রতিযোগী ব্র্যান্ডগুলি হল আমুল, কোয়ালিটি ওয়ালস, ভাদিলাল, মাদার ডেয়ারি, অরুণ ও বাস্কিন রবিনস। এর মধ্যে অনলাইন প্ল্যাটফর্মগুলিতে সবথেকে সস্তা আইসক্রিম রয়েছে আমুলের ম্যাঙ্গো ও কাশ্মীরী কেশর কুলফি, যার দাম ২০ টাকা। সেখানেই অর্ধেক দামে আইসক্রিম দেবে অম্বানীর ব্রান্ড।
জানা গিয়েছে, দেশ জুড়ে বড় মাপে আত্মপ্রকাশের আগে পশ্চিম ভারতে আনা হচ্ছে এই ব্রান্ড। এর পরে ধীরে ধীরে বাকি দেশেও বম্বে ক্রিমারির আইসক্রিম পাওয়া যাবে। সাধ্যের মধ্যে দাম রেখেই গ্রাহকদের মন জয় করার পরিকল্পনা অম্বানীদের এই নতুন ব্র্যান্ডের।
আইসক্রিম ব্র্যান্ডগুলি নিজেদের প্রচারের জন্য বিক্রেতা বা রিটেলারদের কাছে ফ্রিজার পাঠায় নিজেদের ব্রান্ডের লোগো সহ। ইতিমধ্যেই রিলায়েন্স ক্যাম্পার লোগো দিয়ে ফ্রিজার পাঠাতেও শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই প্রভাবও বোঝা যাচ্ছে স্টক মার্কেটে। বম্বে ক্রিমারির আত্মপ্রকাশের ঘোষণার পরই কোয়ালিটি ওয়ালসের শেয়ারের দাম তিন শতাংশ পতন হয়ে ৪৩ টাকায় নেমে গিয়েছে।