কাচা মোজা থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? বাড়িতে এই জিনিসটি থাকলে দু’মিনিটে মুশকিল আসান হবে
সারাদিন জুতো-মোজা পরে থাকতে হয়। বেশির ভাগগ সময়েই পায়ের পাতা ঘেমে থাকে। এখন তো আবার অবিরাম ধারাপাতও চলছে। ভিজে মোজা পায়ে শুকোলে তা থেকে দুর্গন্ধ বেরোনোর অস্বাভাবিক নয়। সাধারণ ডিটারজেন্ট দিয়ে কাচলেও অনেক সময় সেই গন্ধ পুরোপুরি যেতে চায় না। তবে এই সমস্যার সমাধানের একটি ঘরোয়া টোটকা রয়েছে। কাপড় কাচার আগে সামান্য সাদা ভিনিগার স্প্রে করে নিতে পারলেই মুশকিল আসান হয়।
মোজায় কেন অতিরিক্ত দুর্গন্ধ হয়?
আমাদের পায়ে প্রায় ২,৫০,০০০-এর বেশি ঘর্মগ্রন্থি রয়েছে। জুতো-মোজার পরে বদ্ধ পরিবেশে এই ঘাম এবং আর্দ্রতার কারণে দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মায়। সাধারণ ডিটারজেন্ট কাপড়ের উপরিভাগের ময়লা পরিষ্কার করলেও মোজার ফাইবার বা সুতোর গভীরে জমে থাকা ঘাম ও ব্যাকটেরিয়ার অবশিষ্টাংশ পুরোপুরি দূর করতে পারে না। এর ফলে ধোয়ার পরেও মোজায় দুর্গন্ধ থেকে যায়।
ভিনিগার কী ভাবে কাজ করে?
সাদা ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড (Acetic Acid), যার মধ্যে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণুনাশক গুণ রয়েছে। ভিনিগার সরাসরি ওয়াশিং মেশিনে না ঢেলে মোজার দুর্গন্ধযুক্ত স্থানে স্প্রে করলে এটি ঘাম ও ব্যাকটেরিয়ার উপর সরাসরি প্রভাব ফেলে। ওয়াশিং মেশিনে জলে সঙ্গে মিশে ভিনিগারের শক্তি কমে যাওয়ার আগেই এটি ফাইবারে জমে থাকা গন্ধকে দূর করতে পারে।
ব্যবহারের সঠিক নিয়ম
১. স্প্রে পদ্ধতি:
-
একটি স্প্রে বোতলে সাদা ভিনিগার নিন।
-
মোজার তলা এবং আঙুলের অংশে (যেখানে ঘাম বেশি হয়) হালকা করে স্প্রে করুন (একদম ভিজিয়ে চপচপে করবেন না)।
-
১০ থেকে ১৫ মিনিট এ ভাবেই রেখে দিন।
-
এর পরে সাধারণ ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে বা হাতে ঘষে ধুয়ে ফেলুন।
২. ভিজিয়ে রাখার পদ্ধতি:
-
একটি পাত্রে সমপরিমাণ হালকা গরম জল এবং সাদা ভিনিগার মিশিয়ে নিন।
-
মোজাগুলো ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
-
এর পরে ধুয়ে ফেলুন।