রামপুরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু!
রামপুরহাট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বীরভূমের রামপুরহাটে। মঙ্গলবার সকালে রামপুরহাটের কুশম্বা গ্রামে নিজের বাপের বাড়ির দোতলার…
রামপুরহাট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বীরভূমের রামপুরহাটে। মঙ্গলবার সকালে রামপুরহাটের কুশম্বা গ্রামে নিজের বাপের বাড়ির দোতলার একটি বন্ধ ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন তিনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ কেটে গেলেও বৃষ্টি নিজের ঘরের দরজা খোলেননি। পরিজনরা তাঁকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনও সাড়াশব্দ মেলেনি। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় রামপুরহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্ধ ঘরের দরজা ভাঙলে বৃষ্টির ঝুলন্ত দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক অশান্তি ও মানসিক অবসাদ
জানা গিয়েছে, স্বামী এবং শ্বশুরবাড়ির সঙ্গে বেশ কয়েক মাস যাবৎ বৃষ্টির সম্পর্ক মোটেও ভালো যাচ্ছিল না। আদালতে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলাও চলছিল। সেই কারণে গত কয়েক মাস ধরে নিজের এক সন্তানকে নিয়ে রামপুরহাটে বাপের বাড়িতেই থাকছিলেন তিনি। পরিবারের সদস্যদের দাবি, দাম্পত্য কলহ এবং ডিভোর্সের জোড়া চাপে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদগ্রস্ত ছিলেন বৃষ্টি।
নিয়োগ দুর্নীতিতে নাম ও চাকরি খোয়ানো
পারিবারিক টানাপোড়েনের পাশাপাশি বৃষ্টির পেশাগত জীবনেও বড়সড় ধাক্কা লেগেছিল সম্প্রতি। ২০২৩ সালের মার্চ মাসে রাজ্যে তোলপাড় ফেলা শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নামও জড়ায়। অভিযোগ ওঠে, বোলপুর হাইস্কুলে তৃতীয় শ্রেণির (Group-C) কর্মী হিসেবে বৃষ্টির নিয়োগটি ‘অবৈধ’ ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে নিযুক্তদের যে তালিকা প্রকাশ করা হয়, তাতে বৃষ্টির নাম থাকায় বছরখানেক আগে তাঁকে চাকরি খোয়াতে হয়।
ওয়াকিবহাল মহলের মতে, একদিকে চাকরি হারানো এবং অন্যদিকে দাম্পত্য জীবনে চূড়ান্ত টানাপোড়েন, এই জোড়া ধাক্কা সামলাতে না পেরেই হয়তো চরম পথ বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইঝি। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের বিস্তারিত তদন্তেই এই রহস্যমৃত্যুর জট খুলবে বলে মনে করা হচ্ছে।
খোদ ব্যাঙ্কের ভল্টেই ৭.৪০ কোটি টাকার জাল নোট! পিএনবি-তে বিরাট জালিয়াতি, বরখাস্ত ৪
সুপ্রিম স্বস্তি! ৩১ মে পর্যন্ত বহাল ১৭ হাজার যোগ্য শিক্ষকের চাকরি