একটি ফোঁটা... চর্চার বিরাট কোহলির নতুন ট্যাটু, অর্থ জানেন? - 24 Ghanta Bangla News
Home

একটি ফোঁটা… চর্চার বিরাট কোহলির নতুন ট্যাটু, অর্থ জানেন?

Spread the love

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আগামী মাসে শুরু হতে চলা এক দিনের সিরিজ়ের আগে ফের নতুন ট্যাটু করালেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। সম্প্রতি বাঁ হাত জুড়ে নতুন ট্যাটু করানোর কাজ শুরু করেছেন তিনি। সেই নকশারই অংশ হিসেবে বাঁ হাতের বাইসেপে যোগ হয়েছে নতুন এই ট্যাটু। নকশাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নজর কেড়েছে। দেখে মনে হচ্ছে, জলের উপর একটা ফোঁটা পড়ার পর যে ঢেউ তৈরি হয়, সেই দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে।

নতুন ট্যাটু ঘিরে কোহলিকে নিয়ে চর্চা

নতুন ট্যাটুর নকশাটি কী বোঝাচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে এই ট্যাটুর পিছনে ঠিক কী ভাবনা রয়েছে, তা কোহলি নিজে এখনও জানাননি। তাই এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই। এখনও পর্যন্ত নতুন ট্যাটুর জন্য পাঁচটি পর্বে কাজ হয়েছে। তবে পুরো নকশাটি শেষ হতে আরও কাজ বাকি রয়েছে। কাজ শেষ হলে এটি হবে কোহলির ১২তম ট্যাটু।

১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি

চলতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর পূর্ণ করেছেন কোহলি। ২০০৮ সালের ১৮ অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। প্রথম ম্যাচে মাত্র ১২ রান করেছিলেন তিনি। কিন্তু সেই সাধারণ অভিষেকের পরই শুরু হয় ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারের উত্থান।

পশ্চিম দিল্লির ছেলে কোহলি ঘরোয়া ক্রিকেটে কঠোর পরিশ্রম করে জায়গা তৈরি করেছিলেন। ২০০৮ সালে তাঁর নেতৃত্বে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতেছিল। এর পর আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করে একের পর এক বড় নজির গড়েছেন তিনি।

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজারের বেশি রান করেছেন কোহলি। তাঁর শতরানের সংখ্যা ৮৫। ফলে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক শতরানের মাইলফলকে পৌঁছনোর দৌড়ে রয়েছেন তিনি।

কোহলির ট্রফির তালিকাও বেশ সমৃদ্ধ। ২০১১ সালে ভারতের হয়ে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন তিনি। এর পর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন। অর্থাৎ সিনিয়র দলের হয়ে চারটি আইসিসি ট্রফি জেতার কৃতিত্ব রয়েছে তাঁর।

এর সঙ্গে রয়েছে ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়, যেখানে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। IPL-এও একাধিক বড় সাফল্য রয়েছে তাঁর। ২ বার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও কোহলি অনন্য— আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজারের বেশি রান এবং ৮৫টি শতরান রয়েছে তাঁর নামে। পাশাপাশি ১০টি ICC পুরস্কার জিতেছে, যা রেকর্ড। সবচেয়ে বেশি আইসিসি পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *