ক্রিকেট দেখে শেখা উচিত? ব্রাজ়িল-উরুগুয়ে ম্যাচ নিয়ে AIFF-কে টিপস সৌরভের
বিশ্বকাপ খেলা তিনটে দলের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৌরভ বলেন, ‘বড় দলের বিরুদ্ধে খেলাটা অবশ্যই দারুণ ব্যাপার। বড় প্রতিপক্ষের বিরুদ্ধে না খেলার কোনও কারণই নেই। এতে আমাদের ফুটবলারদের অভিজ্ঞতা বাড়বে এবং সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নিজেদের মান যাচাই করার সুবর্ণ সুযোগ মিলবে।’
তবে এই ধরনের মেগা ম্যাচের প্রভাব তখনই দীর্ঘস্থায়ী হবে, যখন তা রুটিনে পরিণত হবে। প্রাক্তন বিসিসিআই সভাপতির মতে, বছরে মাত্র এক-দু’টি প্রীতি ম্যাচ খেলে ভারতীয় ফুটবলের ছবি আমূল বদলানো অসম্ভব। ভারতীয় ফুটবলারদের উন্নতি করতে হলে সারা বছর ধরেই এমন শক্তিশালী দলগুলির মোকাবিলার সুযোগ তৈরি করে দিতে হবে। সৌরভের কথায়, ‘প্লেয়ারদের তৈরি করার জন্য এই ধরনের ম্যাচ সারা বছর ধরেই হওয়া দরকার। আমি সবসময় বিশ্বাস করি, নিজের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামলেই নিজের খেলার আসল উন্নতি ঘটে।’