মৃত্যুমিছিলের পরে উদ্ধারকাজে নেপালের পাশেই ভারত
এই সময়: সকাল সকালই খুলে গিয়েছিল অফিস। আর পাঁচটা দিনের মতো গত বুধবারও গমগম করছিল নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত গিরংয়ের ওই অভিবাসন দপ্তর। কৈলাস-মানসরোবর যেতে এখানেই নথি-পত্র যাচাই করাতে হয়। একটু একটু করে বেশ এগোচ্ছিল লাইন। আচমকা ছন্দপতন। দৈত্যের মতো এসে হড়পা বান গিলে খায় বহুতল সেই অভিবাসন অফিসকে। ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পরে দুর্গম পাহাড়-জঙ্গল পেরিয়ে সেখানে পৌঁছে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই পায়নি চিনা উদ্ধারকারী দল। যত্রতত্র কাদা-পাথরের স্তূপ। একই অবস্থা নুয়াকোট, ধাদিং, গোর্খা, তানাহুন, চিতওয়ান, নাওয়ালপারাসির মতো আশপাশের সব এলাকায়। টানা চারদিনের তল্লাশি অভিযানে হাত তাই কার্যত খালিই। লাফিয়ে বাড়ছে মৃত্যুমিছিল। সরকারি হিসেবে শনিবার সন্ধের মধ্যেই সংখ্যাটা ৬৬৯! ৩২০ জন ভারতীয়-সহ নিখোঁজের সংখ্যা এখন অন্তত আড়াই হাজার।