জাডেজার বারবার নো-বলে বিরক্ত গাভাসকর, বোলিং কোচকেও জরিমানার প্রস্তাব
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পরে ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত অভিজ্ঞ এই স্পিনারের বারবার নো-বল করার প্রবণতা নিয়ে চর্চা চলছে। পরিসংখ্যান বলছে, ২০২১ সালের পর থেকে জাডেজা ৮৫টিরও বেশি নো-বল করেছেন। জাডেজার এই অনিয়ন্ত্রিত বোলিং নিয়ে সরব হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর মতে, বিষয়টি দ্রুত গুরুত্ব দিয়ে দেখা দরকার। একই ভুল বারবার হলে জাডেজা এবং অতিরিক্ত নো-বল করা বোলারদের পাশাপাশি ভারতের বোলিং কোচকেও বড় অঙ্কের জরিমানা করার প্রস্তাব দিয়েছেন তিনি।
‘নো-বল নিয়ে দ্রুত ব্যবস্থা দরকার’
Mid-Day-তে নিজের কলামে গাভাসকর জানিয়েছেন, ভারতীয় বোলারদের নো-বল নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। তাঁর মতে, এই ধরনের ভুল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। গাভাসকর লেখেন, ‘ভারতীয় বোলারদের এত বেশি নো-বল করার বিষয়টি দ্রুত গুরুত্ব দিয়ে দেখা দরকার। এটা ম্যাচের রং বদলে দিতে পারে। খেলোয়াড়রা সাক্ষাৎকারে প্রায়ই বলেন, নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলির উপর তাঁরা জোর দেন। এখন রান-আপ মাপার জন্য টেপ মেজ়ারও পাওয়া যায়। তাই বোলিং ক্রিজ় পেরিয়ে যাওয়ার কোনও অজুহাত থাকতে পারে না।’
বারবার একই ভুলে দ্বিগুণ জরিমানার প্রস্তাব গাভাসকরের
নো-বল বন্ধের জন্য নিজের একটি পরিকল্পনাও জানিয়েছেন গাভাসকর। তাঁর মতে, কোনও বোলার একই ভুল বারবার করলে প্রতিবার জরিমানার অঙ্ক বাড়ানো উচিত। গাভাসকর লিখেছেন, ‘এমন জরিমানা করা হোক, যা প্রতিটি পরবর্তী ভুলের পরে দ্বিগুণ হবে। এর পাশাপাশি বোলিং কোচকেও জরিমানার অর্ধেক টাকা দিতে হবে।’ প্রাক্তন এই ক্রিকেটারের মতে, এমন কড়া ব্যবস্থা নিলে নো-বলের মতো অপ্রয়োজনীয় ভুল কমানো সম্ভব।
মজাচ্ছলে না নেওয়ার পরামর্শ দিলেন গাভাসকর
ভারতের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে মজার ছলে নো-বলের পরে টেস্টেও ফ্রি হিট দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এই প্রস্তাবে একেবারেই রাজি নন গাভাসকর। তিনি লেখেন, ‘দয়া করে টেস্ট ক্রিকেটে এই নিয়ম এনে ব্যাটারদের রান করা আরও সহজ করে তুলবেন না। এমনিতেই এক ওভারে বাউন্সারের সংখ্যা দু’টিতে সীমাবদ্ধ করা হয়েছে। বাউন্ডারিও ছোট করা হয়েছে। ফলে রান করা এমনিই সহজ হয়ে গিয়েছে।’