Ashoknagar oilfield: অশোকনগরে শুরু বাণিজ্যিক অপরিশোধিত তেল উৎপাদন, জ্বালানিতে স্বনির্ভরতার পথে বাংলা? | Ashoknagar Oilfield Starts Commercial Crude Oil Production in West Bengal
বাণিজ্যিকভাবে অপরিশোধিত খনিজ তেল উৎপাদন শুরু হল অশোকনগরেImage Credit: TV9 Bangla
অশোকনগর: পশ্চিমবঙ্গের শিল্প ও জ্বালানি মানচিত্রে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগর তেলক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে অপরিশোধিত খনিজ তেল উৎপাদন শুরু করল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই বাণিজ্যিক উৎপাদন প্রক্রিয়ার সূচনা হল।
এ দিন ওএনজিসি-র ডিরেক্টর (এক্সপ্লোরেশন) ও পি সিনহা এবং অশোকনগরের বিধায়ক সুমিত হীরা সবুজ পতাকা নেড়ে উৎপাদিত খনিজ তেলের প্রথম বাণিজ্যিক কনসাইনমেন্টটির যাত্রার সূচনা করেন। ১,২০০ লিটার অপরিশোধিত তেল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOC) হলদিয়া রিফাইনারির উদ্দেশে রওনা করে দেওয়া হয়েছে।
এই প্রকল্প রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোয় এক বিরাট জোয়ার আনতে চলেছে। প্রাথমিক হিসেব অনুযায়ী, শুধুমাত্র এই অশোকনগর প্রকল্প থেকেই পশ্চিমবঙ্গ সরকারের প্রায় ১০৪ কোটি টাকার রাজস্ব ও রয়্যালটি আয়ের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, এই ক্ষেত্র থেকে ধারাবাহিক তেল উৎপাদন ভিন রাজ্য বা বিদেশ থেকে আমদানিকৃত তেলের উপর পশ্চিমবঙ্গের নির্ভরতা অনেকাংশে কমিয়ে দেবে। ফলে রাজ্য নিজস্ব জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে এক বড় পদক্ষেপ করল।
অশোকনগরে তেল এবং গ্যাসের সন্ধান বেশ কয়েক বছর আগে পাওয়া গিয়েছিল। ২০২০ সালের ২০ ডিসেম্বর তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অশোকনগরে এসে ওএনজিসি থেকে ‘ক্রুড ওয়েল’ প্রথম পাঠানোর ব্যবস্থা করেন। তার কিছুদিন পরে অবশ্য করোনা পরিস্থিতিতে থেমে যায় কাজ। কিছু জমি-জটেরও কারণে ওএনজিসি-র কাজকর্ম পুরো বন্ধ হয়ে যায়। নতুন সরকার আসার পর অশোকনগরে ওএনজিসি-র কাজের গতি বাড়ে। প্রায় ছয় বছর পরে শুক্রবার অশোকনগরের বাইগাছি ওএনজিসি ফিল্ড থেকে ফের ‘ক্রুড অয়েল'(কাঁচা তেল) হলদিয়া শোধনাগারের উদ্দেশে আনুষ্ঠানিকভাবে পাঠানো হল।
প্রতিদিন এখান থেকে ২০ হাজার লিটার অপরিশোধিত তেল শোধনাগারে পাঠানোর টার্গেট নিয়েছে ওএনজিসি। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার দীর্ঘ আট বছর পর প্রথম অশোকনগর বাইগাছির ওএনজিসি কেন্দ্র থেকে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন ও ট্যাঙ্কারে করে তেল শোধনাগারে পৌঁছে যাওয়ার ঘটনায় খুশির হাওয়া অশোকনগরজুড়ে।