এক ধাক্কায় প্রায় ৪ টাকা বাড়ল সিএনজি-র দাম, রাজ্যে রাজ্যে ভাড়াবৃদ্ধির আতঙ্ক
নয়াদিল্লি: ফের মূল্যবৃদ্ধির ধাক্কা। উৎসবের মরসুমের আগেই মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে দিল্লিতে এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি (CNG)-র দাম। ইন্দ্রপ্রস্থ…
নয়াদিল্লি: ফের মূল্যবৃদ্ধির ধাক্কা। উৎসবের মরসুমের আগেই মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে দিল্লিতে এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি (CNG)-র দাম। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL) প্রতি কেজি সিএনজি-র দাম ৩.৮৯ টাকা বৃদ্ধি করেছে। আর রাজধানীর এই মূল্যবৃদ্ধির আঁচ এবার গোটা দেশে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দাম বৃদ্ধির জেরে শুধু দিল্লি নয়, বাংলা-সহ অন্যান্য রাজ্যেও ক্যাব এবং অটোর ভাড়া বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৬টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এর ফলে দিল্লিতে সিএনজি-র দাম প্রতি কেজি ৮৩.০৯ টাকা থেকে বেড়ে এক ধাক্কায় ৮৬.৯৮ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
কেন এই বিপুল দাম বৃদ্ধি?
আইজিএল-এর তরফে এক প্রেস বিবৃতিতে এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের অস্থিরতাকেই কাঠগড়ায় তোলা হয়েছে। সংস্থার দাবি, পশ্চিম এশিয়ায় ফের সঙ্কট তীব্র হয়েছে। এর ফলে হরমুজ প্রণালীর মাধ্যমে এলএনজি (LNG) আনতে প্রবল বাধা পেতে হচ্ছে। সরবরাহ ব্যাহত হওয়ায় জুলাই থেকে আন্তর্জাতিক বাজারে স্পট এলএনজি-র দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।
ভারতের সিএনজি গ্যাসের একটি বড় অংশই আমদানি করা স্পট এলএনজি থেকে আসে। তাছাড়া দেশে সিএনজি-র ব্যবহারও আগের চেয়ে অনেকটাই বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার সরাসরি প্রভাব দেশীয় বাজারে পড়তে বাধ্য।
আন্তর্জাতিক বাজারে কতটা বেড়েছে দাম?
পরিসংখ্যান তুলে ধরে আইজিএল জানিয়েছে, ইউরোপের টিটিএফ (TTF) গ্যাসের দাম ফেব্রুয়ারির শেষের দিকে প্রতি এমএমবিটিইউ (MMBTU) ১১.৩৬ মার্কিন ডলার ছিল। ২৭ অগাস্ট তা প্রায় ১০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩.৩৫ ডলারে। অন্যদিকে, এশিয়ার জেকেএম (JKM) এলএনজি-র দামও একই সময়ে প্রায় ১১৩ শতাংশ বেড়ে ১০.৯৯ ডলার থেকে ২৩.৪১ ডলারে পৌঁছেছে। শীতের মরসুমের আগে ইউরোপে প্রাকৃতিক গ্যাস মজুত করার প্রবণতাও এই দাম বৃদ্ধির অন্যতম কারণ।
এই বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির তুলনায় দিল্লিতে সিএনজি-র দাম সেই অনুপাতে বাড়ানো হয়নি বলেই দাবি আইজিএল-এর। সংস্থার যুক্তি, এই সময়ের মধ্যে দিল্লিতে সিএনজি-র দাম ৭৭.০৯ টাকা থেকে বেড়ে ৮৩.০৯ টাকা হয়েছিল, যা মাত্র ৭.৮ শতাংশ বৃদ্ধি।
আমজনতার ওপর কী প্রভাব?
সিএনজি মূলত অটো এবং ক্যাবের মতো গণপরিবহণে ব্যবহৃত হয়। দিল্লিতে দাম বাড়ার ফলে সরাসরি ওই সব যানের ভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতা চলতে থাকলে দিল্লির পর ধীরে ধীরে দেশের অন্যান্য মেট্রো শহর এবং রাজ্যেও সিএনজি-র দাম বাড়তে পারে। সেক্ষেত্রে বাংলার আমজনতাকেও যে বাড়তি ভাড়ার বোঝা বইতে হতে পারে, সেই আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,