নেপালে ভয়াবহ বিপর্যয়ের রেশ উত্তরবঙ্গেও
মিঠুন ভট্টাচার্য, পানিট্যাঙ্কি
আয় আরো বেঁধে বেঁধে থাকি। শঙ্খ ঘোষের এই পঙক্তি ফের সত্যি হয়ে উঠেছে। নেপালে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। সাধ্যমতো খাদ্যসামগ্রী পাঠাচ্ছেন কাঁকরভিটা ও ঝাঁপা জেলার বাসিন্দারা। বিস্কুট, নুডলস, শিশুদের দুধ, স্যানিটারি ন্যাপকিন নিয়ে দুর্গত এলাকায় যাচ্ছেন পেম্বা রাই, মায়া রাই, সুনীতা লিম্বু, পেমা শেরপারা। এ সব তাঁরা কিনছেন ভারতের পানিট্যাঙ্কি বাজার থেকে। নেপালের একদিকে ভয়াবহ বিপর্যয় হলেও পূর্বদিকে বাংলা সীমান্তের মানুষেরা স্বস্তিতে আছেন। বন্যার কোনও প্রভাবই এ পাশে পড়েনি।